লড়াইটা কঠিন হলেও, মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে সহজেই হাল ছাড়ছেন না সূর্যকুমার যাদব
আপডেট করা - Apr 15, 2022 9:09 pm

আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত জয় অধরা মুম্বই ইন্ডিয়ান্সের। টানা পাঁচ ম্যাচ খেলে এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে সবকটি ম্যাচেই হারতে হয়েছে রোহিত শর্মাদের। কিন্তু পাঁচবারের চ্যাম্পিয়নদের এমন পারফরম্যান্স দেখে ইতিমধ্যেই সকলে নিজেদের মতামত দিতে শুরু করে দিয়েছে। অনেকেই মনে করছেন এবারও হয়ত মুম্বই ইন্ডিয়ান্স লগ পর্বের গন্ডী টপকাতে পারবে না। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব কিন্তু সেই কথা মানতে নারাজ। তাঁর মতে আইপিএলের মঞ্চে এনও পর্যন্ত তারা চ্যাম্পিয়ন দল।
আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের এমন পরিস্থিতি থেকে ফিরে আসার বহু নিদর্শন রয়েছে। ২০১৫ সালেও এমনই পরিস্থিতি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। সেবার টানা চার ম্যাচ হারতে হয়েছিল রোহিত শর্মাদের। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো শুধু নয়, সেইবছর আইপিএল চ্যাম্পিয়নও হয়েছিল মুম্বইয়ের পল্টনরা। আর সেই কথা মাথায় রেখেই এবারএও হয়ত তারা হাল ছাড়তে নারাজ। পরপর পাঁচ ম্যাচ হারলেও, প্রতিযোগিতা থেকে যে তারা ছিটকে গিয়েছেন, তা মানছেন না সূর্যকুমার যাদব।
চোট সারিয়ে ফেরার পর এবারের আইপিএলে এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সে সবচেয়ে সফল ব্যাটার সূর্যকুমার যাদব। পরপর তিন ম্যাচেি মুম্বইয়ের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন সূর্যকুমার যাদব। ইতিমধ্যেই দুটো অর্ধশতরান পেয়ে গিয়েছেন সূর্যকুমার যাদব। এখনও পর্যন্ত তাঁর রান রয়েছে ১৬৮। সেইসঙ্গে সূর্যকুমার যাদবের স্ট্রাইকরেট রয়েছে ১৫২.২৫। কিন্তু দলকে জেতাতে পারছেন না।
সূর্যকুমার যাদব মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে এখনও আশাবাদী
শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ডেওয়াল্ড ব্রেভিস দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন। এছাড়াও দলের বেশ কিছু তরুণ ক্রিকেটার নিজেদের পারফর্ম প্রদর্শন করছেন। সেই সমস্তকিছু দেখেই এখনই আশা ছাড়তে নারাজ সূর্যকুমার যাদব।
মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স প্রসঙ্গে সূর্যকুমার যাদব জানিয়েছেন, “আমার মনে হয় আমরা কিন্তু বেশ ভাল ক্রিকেটই খেলছি। সেখানেই মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলকে নিয়ে এখন প্যানিক দেখা দিয়েছে। অতীতের বেশ কয়েক মরসুম ধরেই আমরা যথেষ্ট ভাল পারফরম্যান্স প্রদর্শন করে আসছি। আমরা যদি আরেকটু পরিশ্রম করি নিশ্চয়ই আমাদের প্রথম জয় পেয়ে যাব”।
এতটুকুতেই অবশ্য থেমে থাকেননি সূর্যকুমার যাদব। তিনি আরও জানিয়েছেন, “এখান থেকেই আমাদের পজিটিভ অনেককিছু রয়েছে। ভাল ফর্মের মধ্যে রয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস, তিলক বর্মাদের মতো ক্রিকেটাররা। আর কয়েক বছরের মধ্যেই আমাদের শিবির থেকে আমরা চ্যাম্পিয়ন ক্রিকেটারদের পাব। আমার আশেপাশে যারা রয়েছেন সকলেই যথেষ্ট মোটিভেটেড রয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পারাটাই তো আত্মবিশ্বাস যোগায়। আমরা এখনও চ্যাম্পিয়ন দলই রয়েছি, চ্যাম্পিয়নই থাকব। কয়েকটাই ম্যাচ হয়েছে সদ্য”।