ম্যাথিউ হেডেন ও ভার্নন ফিল্যান্ডার জানালেন পাকিস্তানের সেরা ব্যাটার ও বোলার হিসেবে কাকে পছন্দ

ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে চিহ্নিত করলেন খুশদিল শাহ ও হায়দার আলিকে

Matthew Hayden
Matthew Hayden. (Photo by Twitter/TheRealPCB)

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ভার্নন ফিল্যান্ডার শাহীন শাহ আফ্রিদিকে “একজন বিশ্বমানের পারফর্মার” বলে অভিহিত করলেও হারিস রউফকে দেখে তাঁর মনে হয়েছে পাকিস্তানের নজরকাড়া ফাস্ট বোলার। পাকিস্তানের বিদায়ী বোলিং কোচ ফিল্যান্ডার বলেছেন যে ২৮ বছর বয়সী রউফ শাহীনের চেয়েও বেশি পরিণত। 

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে রউফ পাকিস্তানের পক্ষে সঙ্গত কারণেই একজন গুরুত্বপূর্ণ পেসার হয়ে উঠেছিলেন। ডান-হাতি পেসার ৭.৩০-র ইকোনমি রেটে ছয়টি ম্যাচে আটটি উইকেট নিয়েছিলেন এবং দুর্দান্ত গতিতে বোলিং করেছিলেন। তাঁর স্লোয়ার বোলিংও বেশ কার্যকর ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে চার উইকেট নেওয়ার ফলে তিনি ম্যাচ সেরার পুরস্কারও পান।

“হারিসকেই এগিয়ে রাখব,” ভার্নন ফিল্যান্ডারের মত 

“হারিস (রউফ) আমার কাছে একেবারেই আলাদা। শাহীন অবশ্যই একজন বিশ্বমানের পারফর্মার। কিন্তু, পরিপক্কতার পরিপ্রেক্ষিতে, আমি হারিসকেই এগিয়ে রাখব,” ফিল্যান্ডার পাকিস্তান ক্রিকেটের সরকারী ইউটিউব চ্যানেলে বলেছেন।  

এই মেগা ইভেন্টের জন্য পাকিস্তানের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিযুক্ত ম্যাথিউ হেডেন বলেছেন যে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান গত কয়েক মাসে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কেন উইলিয়ামসনের ব্ল্যাক ক্যাপস এবং মহম্মদ নবির আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন আসিফ আলি। তাঁর জন্যও প্রশংসা বরাদ্দ করেছেন ম্যাথিউ হেডেন। 

“এই টুর্নামেন্টে আমাদের ব্যাটাররা দুর্দান্ত ছিল। বিশেষ করে পাওয়ারপ্লে-র ভিতরে রিজি (রিজওয়ান) এবং বাবর, এই দুজন প্রত্যেক খেলায় প্ল্যাটফর্ম সেট করেছে। পাওয়ারপ্লে এমন একটি পর্যায় যেখানে আপনি টি-টোয়েন্টি ক্রিকেটে আধিপত্য বিস্তার করেন। ডেথ ওভারে পাওয়ার হিটিংয়ে ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে, আমি মনে করি ১৭তম ওভার থেকে আমরা বেশ ভালো ব্যাটিং সচেতনতা দেখিয়েছি। আসিফের মতো একজন এসেছে আর মারকুটে ব্যাটিং করে গেছে,” ম্যাথিউ হেডেন বলেছেন।   

ম্যাথিউ হেডেন তাকিয়ে খুশদিল শাহ ও হায়দার আলির দিকে 

অস্ট্রেলিয়ার সেরা রান-স্কোরারদের একজন ম্যাথিউ হেডেন তরুণ ব্যাটার খুশদিল শাহ ও হায়দার আলিকে পাকিস্তানের উজ্জ্বল সম্ভাবনা হিসাবে প্রশংসা করেছেন। 

“তারা কিছু অনাবিষ্কৃত প্রতিভাও পেয়েছে। খুসি (খুশদিল শাহ) এবং হায়দার (আলি) এর দিকে তাকিয়ে থাকব, এই ছেলেরা অসীম প্রতিভা এবং ক্ষমতা পেয়েছে,” তিনি যোগ করেছেন।

খুশদিলকে প্রাথমিকভাবে বিশ্বকাপের ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যদিও পরে তাঁকে রিজার্ভ স্কোয়াডে পাঠানো হয়েছিল। হায়দার আলী মূল দলের ওংশ থাকলেও একটি ম্যাচও খেলতে পারেননি। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাঁচ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। 

close whatsapp