তেন্ডুলকরের স্ট্রেইট-ড্রাইভ দেখে মুগ্ধ হয়ে যেতেন মার্নাস ল্যাবুশেন
আলাদা করে উল্লেখ করলেন বিরাটের কভার ড্রাইভের কথাও
আপডেট করা - Jan 4, 2022 3:20 pm

অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস ল্যাবুশেন বলেছেন যে তিনি সচিন তেন্ডুলকরের স্ট্রেইট-ড্রাইভ দেখে অবাক হয়ে যেতেন। সুনিপূণ সূক্ষ্মতা এবং সাবলীলতার সাথে শট খেলার জন্য মাস্টার ব্লাস্টারের প্রশংসা করেছেন এই তরুণ ক্রিকেটার। তেন্ডুলকর ২০১৩ সালে খেলা থেকে অবসর নিয়েছিলেন, কিন্তু তাঁর অবসরের প্রায় এক দশক পরেও, তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষস্থানীয় রান-স্কোরার।
প্রাক্তন অসি অধিনায়ক রিকি পন্টিংয়ের কমনীয়তার সাথে খেলা পুল শট দেখেও ল্যাবুশেন মুগ্ধ হতেন। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় বর্তমানে পন্টিং দ্বিতীয় স্থানে রয়েছেন। ২০০৩ ও ২০০৭ সালে, তিনি অস্ট্রেলিয়াকে দুটি বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতেছেন।
ল্যাবুশেন জানিয়েছেন তেন্ডুলকরের স্ট্রেইট-ড্রাইভ ছাড়া আর কাদের খেলা তিনি উপভোগ করতেন
“একজন ডানহাতি হিসেবে আমি সচিন তেন্ডুলকরের স্ট্রেট ড্রাইভের কথা বলব। এটি এমন একটি শট যা আপনি দেখতে পছন্দ করেন। একেবারে খাঁটি শট। তারপরে আসি পন্টিংয়ের পুল শটে – তাঁর ট্রেডমার্ক। প্রত্যেকে ওই শট উপভোগ করতেন,” ক্রিকেট অস্ট্রেলিয়াকে ল্যাবুশেন বলেছেন।
ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলির কভার ড্রাইভ দেখেও বিস্মিত হয়েছেন তিনি। প্রাক্তন ইংলিশম্যান কেভিন পিটারসেনের আগ্রাসন, সতীর্থ স্টিভ স্মিথের রানের জন্য ক্ষুধা এবং কিংবদন্তী অলরাউন্ডার জ্যাক ক্যালিসের মানসিকতার প্রতিও ল্যাবুশেন তাঁর অনুরাগ প্রকাশ করেছেন।
“কভার ড্রাইভের ক্ষেত্রে আমাকে বিরাট কোহলির কথা বলতে হবে। ওই শটটি খেলার সময় তিনি যেভাবে শক্তি আমদানী করেন আমি সেটার কথা ভাবি। এরপর আসবে কেভিন পিটারসেনের লেগ-সাইড শটগুলি। তা ছাড়া ক্রিজে পিটারসেনের আগ্রাসন! তিনি যেভাবে ক্রিজে থাকতেন তা আমি পছন্দ করি। বিরাট কোহলির সাথে খুব মিল,” তিনি বলেছেন।
“আমাকে স্টিভ স্মিথের রানের খিদে, সংকল্প এবং মানিয়ে নেওয়ার ক্ষমতার কথা বলতে হবে। এবং তারপরে উল্লেখ করব জ্যাক ক্যালিসের মেজাজ এবং ক্রিজে টিকে থাকার ক্ষমতা সম্পর্কে, ” ল্যাবুশেন যোগ করেছেন।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৫ জানুয়ারী বুধবার থেকে শুরু হওয়া চতুর্থ অ্যাশেজ টেস্টে খেলার জন্য ল্যাবুশেন বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন। তিনি বর্তমানে সিরিজে শীর্ষস্থানীয় রান সংগ্রাহকদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। পাঁচ ইনিংসে ৫৭.২৫ গড়ে ২২৯ রান সংগ্রহ করেছেন।
এই অ্যাশেজের অ্যাডিলেড টেস্টে তিনি সেঞ্চুরি পেয়েছিলেন। ২০১৯-এর অ্যাশেজে তিনি নিজের কেরিয়ারে চাঞ্চল্যকর উন্নতি করেছিলেন যখন তিনি স্টিভ স্মিথের কনকাশন পরিবর্ত হিসেবে মাঠে এসেছিলেন। এই মুহূর্তে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছেন তিনি।