আইপিএলে লোকেশ রাহুলদের দলের নাম লখনউ সুপার জায়ান্টস, সোমবারই ঘোষণা হল নতুন নাম
আপডেট করা - Jan 24, 2022 8:07 pm

বিরাট অঙ্কের মূল্য এবারের আইপিএলে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি এসেছে। গতবছরই বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছিল যে আট দলের নয় আসন্ন আইপিএল হবে ১০ দলের। আর সেই আসরেই নতুন দুই দল এসেছিল লখনউ ও আহমেদাবাদ থেকে। আইপিএলের ইতিহাসে এর আগে এত বড় আর্থিক অঙ্কে কোনও দলই আসেনি। সেই দুই দলের মধ্যেই আইপিএলে নামার আগে নিজেদের নাম ঠিক করে ফেলল লখনউ। আসন্ন আইপিএলে লোকেশ রাহুলদের দলের নাম লখনউ সুপার জায়ান্ট।
দুই ফ্র্যাঞ্চাইজি আসার পর থেকেই জল্পনা ছিল তাদের নাম কী হবে। আইপিএলের মঞ্চে সবসময়ই প্রতিটা দলের একটা চটকদার নাম দেখা গিয়েছে। যেমন কলকাতর নাইট রাইডার্স তো আবার চেন্নাই সুপার কিংস। এমনই কিছু একটা নাম যে লখনউয়ের তরফেও আসবে তেমনটা বোঝাই যাচ্ছিল। শুধু অপেক্ষা ছিল নতুন নামটা জানার। এবার সেটাই সকলের প্রকাশ্যে। লখনউ সুপার জায়ান্টস নামে আসন্ন আইপিএলে খেলতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কার নতুন ফ্র্যাঞ্চাইজি।
দলের নাম বাছা নিয়ে এবার একেবারে অভিনব একটা পদ্ধতির রাস্তায় হেঁটেছিল লখনউ ফ্রঞ্চাইজি। নিজেরা নাম ঠিক করবেন না। গোটা দেশের ক্রিকেট ভক্তদেরই সেই নাম বাছার ভারটা দিয়েছিল তারা। গত ৩ জানুয়ারী থেকে শুরু হয়েছিল সেই ক্যাম্পেন। প্রায় ২১ ধরে ক্যাম্পেন চলার পরই সেই নতুন নাম বেছে নিল লখনউ। যদিও সেখানেও কিন্তু সেই আরপিএসজি গ্রুপের পুরনো নামের ছোঁয়াটা রয়েই গেল।
চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস দুবছরের জন্য নির্বাসিত হয়েছিল আইপিএল থেকে। ম্যাচ ফিক্সিং কান্ডের জন্য তাদেরকে নির্বাসিত করা হয়েছিল আইপিএলের মঞ্চ থেকে। সেই সময়ই পুনে থেকে নতুন দল এসেছিল। যে ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। সেই দুই মরসুম আইপিএলের মঞ্চে পুনে থেকে তাঁর দল খেলেছিল রাইজিং পুনে সুপার জায়ান্ট নামে।
যদিও নির্বাসন কাটিয়ে চেন্নাই ও রাজস্থান ফেরার পরই চুক্তি অনুযায়ী তাদের আইপিএলের ম়ঞ্চ থেকে সরে যেতে হয়েছিল। এরপর থেকে ১০ দলের আইপিএলের একটা গুঞ্জন শুরু হয়েছিল। আর সেটাই সত্যি হয়েছে ২০২১ সালে। এরপরই শুরু হয়ে গিয়েছে আইপিএলের মেগা নিলামের তোরজোর। যেজন্য ইতিমধ্যেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের চারজন করে ক্রিকেটারকে ধরে রেখে বাকিদের ছেড়ে দিয়েছে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী হতে চলেছে নেগা নিলাম।
তার আগেই অবশ্য নতুন দুই ফ্র্যাঞ্চাইজি তাদের তিনজন ক্রিকেটারকে বেছে নিয়েছে। যাদের মধ্যেই ইতিমধ্যেই সবচেয়ে দামী ক্রিকেটার হিসাবে লোকেশ রাহুলকে ১৭ কোটি টাকায় দলে নিয়েছে লখনউ সুুপার জায়ান্টস। তাঁকে অধিনায়কও নির্বাচন করেছেন তারা। একইসঙ্গে দলে এসেছেন মার্কাস স্টয়নিস ও রবি বিষ্ণোইও। অপেক্ষাটা ছিল দলের নাম ঘোষণা। সোমবারই সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করলেন তাদের লখনউ ফ্র্যাঞ্চাইজির নতুন নাম।