“কেকেআর এই নিলামে তিনজন খেলোয়াড় খুঁজবে” – রবিন উথাপ্পা
আইপিএল নিলামে ৭.০৫ কোটি টাকা হাতে থাকা কেকেআর সবচেয়ে কম অর্থ নিয়ে নামছে
আপডেট করা - Dec 20, 2022 3:27 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ মিনি-নিলাম ২৩শে ডিসেম্বর, শুক্রবার, কোচিতে অনুষ্ঠিত হবে। নতুন মরসুমের আগে স্কোয়াডকে শক্তিশালী করার জন্য ফ্র্যাঞ্চাইজিরা জোরদার পরিকল্পনা নিয়ে নিলামে নামবে এবং কোন খেলোয়াড়কে নেওয়ার জন্য ঝাঁপায় সেই দিকে নজর থাকবে।
মোট ১৫জন খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার পরে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর স্কোয়াডে এখন ১৪জন খেলোয়াড় আছে। নিলামের আগে তারা তিনজন খেলোয়াড়কে ট্রেডিংয়ের মাধ্যমে দলে অন্তর্ভুক্ত করেছিল। নিলামে এই ফ্র্যাঞ্চাইজিকে দল পুনর্গঠনের দিকে নজর দিতে হবে। তবে তাদের অবশিষ্ট অর্থ মাত্র ৭.০৫ কোটি টাকা। ফলে নিলামে দলের পক্ষে বড় নামের খেলোয়াড়ের জন্য বিড করা কঠিন হবে। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ব্যাটার রবিন উথাপ্পা মতামত দিয়েছেন যে কলকাতা-কেন্দ্রিক ফ্র্যাঞ্চাইজি নিলামের আগে তিনজন খেলোয়াড়ের সন্ধান করবে।
“কেকেআর এই নিলামে তিনজন খেলোয়াড় খুঁজবে – একজন হবেন গুরবাজের বিকল্প হিসাবে ভারতীয় উইকেটকিপার। যদি তারা টিম সাউদি ও লকি ফার্গুসন উভয়কেই খেলাতে চায়, তবে গুরবাজকেই বসতে হবে কারণ তারা সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে বাদ দেবে না। দ্বিতীয় খেলোয়াড় হলেন আন্দ্রে রাসেলের বিকল্প,” নিলামের আগে একটি আলোচনায় উথাপ্পা বলেছেন।
কেকেআর এমন একটি দল যাদের সবচেয়ে বেশী ভ্রমণ করতে হয়: রবিন উথাপ্পা
উথাপ্পা আরও যোগ করেছেন যে ভ্রমণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সেই কারণে দলের বিকল্প খেলোয়াড়দের পরিষেবা প্রয়োজন। তিনি যোগ করেছেন যে কলকাতা এমন একটি ফ্র্যাঞ্চাইজি যা অন্যান্য দলের তুলনায় বেশী ভ্রমণ করতে বাধ্য হয়।
“আইপিএল তার আসল ফর্ম্যাটে (হোম ও অ্যাওয়ে ফিরে যাচ্ছে। সুতরাং, এটি কেবল একটি বা দুটি কেন্দ্রে হবে না। অনেক ভ্রমণ হবে। কেকেআর এমন একটি দল যাদের সবচেয়ে বেশী ভ্রমণ করতে হয়। কলকাতা সত্যিই অনেক দূরে এবং তারা অন্য সব দলের চেয়ে কমপক্ষে ২-৩ হাজার কিলোমিটার বেশী ভ্রমণ করে,” তিনি বলেছেন।
“সুতরাং, এই বিষয়গুলি মাথায় রেখে বিকল্প রাখতে হবে। এমন হতে পারে পরপর ম্যাচের জন্য রাসেল হয়তো পুরো ফিটনেস পেল না। তৃতীয় একজন ভারতীয় ফাস্ট বোলার দরকার যিনি শার্দূল ঠাকুর ও উমেশ যাদবের বিকল্প হবে। তাদের দলে কয়েকজন তরুণ পেসার আছে, কিন্তু তারা জয়দেব উনাদকাটের মতো কাউকে পেতে চাইবে,” যোগ করেছেন উথাপ্পা।