“সংস্কৃতির দিক থেকে সিএসকে ও কেকেআরের মধ্যে অনেক মিল রয়েছে” – নাইটদের ইংরেজ তারকা স্যাম বিলিংস

কেকেআরে আসার আগে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন বিলিংস

Sam Billing and Andre Russell
Sam Billing and Andre Russell. (Photo Source: IPL/BCCI)

স্যাম বিলিংস কলকাতা নাইট রাইডার্সের সংস্কৃতি সম্পর্কে তাঁর মতামত প্রকাশ করেছেন। কলকাতা-কেন্দ্রিক ফ্র্যাঞ্চাইজিটি তাঁকে আইপিএল ২০২২ মেগা নিলামে ২ কোটি টাকায় কিনেছিল। ইংল্যান্ড আন্তর্জাতিক এখনও ম্যাচ জেতানো পারফর্ম্যান্স না করলেও বেশ কিছু ক্যামিও খেলে দলের আস্থার প্রতিদান দিয়েছেন। স্টাম্পের পিছনে উইকেটকিপার হিসেবেও তাঁর পারফর্ম্যান্স বেশ চিত্তাকর্ষক। বিলিংস যেহেতু কেকেআরের একাদশে তাঁর জায়গা পাকা করে ফেলেছেন, তাই এই মরসুমে তিনি উল্লেখযোগ্য ছাপ তৈরি করতে সচেষ্ট হবেন।

কেকেআর আইপিএলে বিলিংসের তৃতীয় দল। অতীতে তিনি চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের প্রতিনিধিত্ব করেছেন। এই সমস্ত দলের সাথে কাটানো সময়ের কথা বলতে গিয়ে, বিলিংস বলেছেন যে সংস্কৃতির দিক থেকে সিএসকে ও কেকেআরের মধ্যে অনেক মিল রয়েছে। ড্রেসিংরুমে ইতিবাচক পরিবেশ বজায় রাখার জন্য তিনি কেকেআর প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের প্রশংসা করেছেন।

সিএসকের সাথে আমার দুই বছর আমি সত্যিই উপভোগ করেছি: স্যাম বিলিংস

“হ্যাঁ, আমি মনে করি আইপিএলে যে তিনটি ফ্র্যাঞ্চাইজির আমি প্রতিনিধিত্ব করেছি, তার মধ্যে সিএসকে স্পষ্টতই অবিশ্বাস্যভাবে সফল। আইপিএল জিতেছে, রানার্সআপও হয়েছে। সেই দুই বছর আমি সত্যিই উপভোগ করেছি। আমি মনে করি সংগঠনের দিক থেকে এবং মাঠে ও মাঠের বাইরে ধারাবাহিকতার দিক থেকে কেকেআর ও সিএসকের মধ্যে অনেক মিল রয়েছে,” বিলিংস এনডিটিভিকে বলেছেন।

“আমি মনে করি এই ধারাবাহিকতা উভয় ফ্র্যাঞ্চাইজির সফল হওয়ার ক্ষেত্রে একটি বিশাল ভূমিকা পালন করেছে। ব্রেন্ডন ম্যাককালামের (কেকেআর প্রধান কোচ) ইতিবাচকতা এমন একটি জিনিস যা আমি এখানে খেলে সত্যিই উপভোগ করেছি এবং অবশ্যই বেশিরভাগ কোচের থেকে তাঁর পদ্ধতিটি ভিন্ন যে অভিজ্ঞতাটা সত্যিই ভালো,” তিনি আরও বলেছেন।  

খেলোয়াড়দের মধ্যে আস্থা জাগিয়ে তোলা এবং ক্রিকেটের একটি ইতিবাচক দিককে সমর্থন করার জন্য বিলিংস ম্যাককালামের আরও প্রশংসা করেছেন। “সবচেয়ে ভালো ব্যাপার হল আমাদের মধ্যে ভালো মেলবন্ধন হয়েছে। ম্যাককালাম একজন খেলোয়াড়কে আত্মবিশ্বাসী করে তোলে। আমি মনে করি যে কোনও কোচের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যাতে খেলোয়াড়রা তাদের মূল্য বোঝে এবং তার কাছ থেকে সমর্থন পায় যাতে সেই আক্রমণাত্মক এবং ইতিবাচক ক্রিকেট খেলা চালিয়া যাওয়া যায়।”

এদিকে, বিলিংস এখনও পর্যন্ত চারটি খেলায় ৮০ রান করেছেন। কেকেআর তিনটি জয়ের সাথে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে রয়েছে। দুইবারের চ্যাম্পিয়নরা আগামী রবিবার (১০ই এপ্রিল) ঋষভ পান্তের দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। 

close whatsapp