আইপিএল ২০২৩ থেকে ছিটকে গেলেন নিউ জিল্যান্ড তারকা কেন উইলিয়ামসন
আপডেট করা - Apr 1, 2023 1:19 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে চারবারের শিরোপা জয়ী চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) ৫ উইকেটে পরাজিত করেছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স (জিটি)। কিন্তু এই অনবদ্য জয়ের বিপরীতে একটি অনেক বড় ধাক্কা খেল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল। নিউ জিল্যান্ড তারকা কেন উইলিয়ামসন গুজরাটের হয়ে অভিষেক ম্যাচে এবং আইপিএলের ১৬ তম সংস্করণের উদ্বোধনী ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান। সেই চোটের কারণেই এবারের আইপিএল থেকে ছিটকে গেলেন তিনি।
কেন উইলিয়ামসন স্কোয়ার লেগের বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন। ১৩ ওভার চলাকালীন রুতুরাজ গায়কওয়াড়ের একটি সুন্দর শট ছয় হওয়া থেকে বাঁচাতে গিয়ে ডান পায়ের হাঁটুতে চোট পান উইলিয়ামসন। সেই ছয়টি আটকে তিনি দলের হয়ে দুই রান বাঁচান। কিন্তু এরপর তিনি আর মাঠে দাঁড়িয়ে থাকতে পারেননি।
এরপর দুই দলের ফিজিও মাঠে আসেন এবং সাইডলাইনে বেশ কিছুক্ষন তার দেখাশোনা করেন। তারপর তাকে সাজঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় ইনিংসে গুজরাট টাইটান্স কেন উইলিয়ামসনের পরিবর্তে বাঁ-হাতি ব্যাটসম্যান সাই সুদর্শনকে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে ব্যাট করতে পাঠান।
এই চোটের ব্যাপারে এখনও বিশদে জানা যায়নি। তবে স্পোর্টস তকের একটি প্রতিবেদন অনুসারে জানা গেছে যে কেন উইলিয়ামসন এবারের আইপিএলে গুজরাট টাইটান্সের জার্সি গায়ে আর মাঠে নামতে পারবেন না। কিন্তু গুজরাট টাইটান্সের তরফে কেন উইলিয়ামসনের চোটের ব্যাপারে এখনও কোনো অফিসিয়াল খবর পাওয়া যায়নি।
আইপিএল ২০২৩-এ জয় দিয়ে শুরু করল গত মরসুমের চ্যাম্পিয়নরা
আইপিএলের ১৬ তম সংস্করণের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে পরাজিত করে গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল শেষ ওভারে গিয়ে ম্যাচটি জেতে। রাহুল তেওয়াতিয়ার সুন্দর ছয়ের হাত ধরে এই ম্যাচটি শেষ করে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল।
১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই এই ম্যাচ জিতে নেয় গুজরাট টাইটান্স। শুভমন গিল ৩৬ বলে ৬৩ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে ব্যাট করতে নাম সাই সুদর্শনও ১৭ বলে ২২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষে রাশিদ একটি চার এবং একটি ছয়ের সাথে ৩ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। বল হাতেও ২টি উইকেট নেন তিনি। উদ্বোধনী ম্যাচে এই অসাধারণ অলরাউন্ডিং পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পান রাশিদ।