টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন কেন উইলিয়ামসন
কিউয়িদের নেতৃত্ব দেবেন টিম সাউদি
আপডেট করা - Nov 16, 2021 11:18 am

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ১৪ই নভেম্বর তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ফাইনালে কিউইরা অস্ট্রেলিয়ার কাছে আট উইকেটে হারলেও উইলিয়ামসন তাঁর ব্যাটিং প্রতিভার ছাপ রেখে গিয়েছিলেন। ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৮৫ রানের ইনিংসটি স্মরণীয় হয়ে থাকবে।
নিউজিল্যান্ড বোর্ড একটি অভূতপূর্ব আন্তর্জাতিক সময়সূচী তৈরী করেছে যেখানে বিশ্বকাপ ফাইনাল খেলার তিন দিনের মধ্যেই তাদের ক্রিকেটারদের ভারতে এসে দ্বিপাক্ষিক সিরিজে নামতে হচ্ছে। রবিবার ফাইনালের পর সোমবারেই তাঁরা ভারতে চলে এসেছেন এবং আগামীকাল বুধবার প্রথম টি-২০তে নামবেন জয়পুরের সওয়ায় মান সিং ক্রিকেট স্টেডিয়ামে।
টিটোয়েন্টি সিরিজ ছাড়াও তারা দুটি টেস্টে ভারতের মুখোমুখি হতে চলেছে যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অংশ। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বিজয়ী নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শুরু করবে।
তাদের বোর্ড নিউজিল্যান্ড ক্রিকেট নিশ্চিত করেছে যে কেন উইলিয়ামসন আসন্ন টেস্ট সিরিজে মনোনিবেশ করার জন্য আন্তর্জাতিক টি-২০ সিরিজ থেকে নাম প্রত্যাহার করছেন। টেস্টে ঘরের মাঠে অত্যন্ত শক্তিশালী একটি দল। ২৫শে নভেম্বর থেকে শুরু হতে চলা এই সিরিজের আগে কিউই অধিনায়ক কয়েক দিন বিশ্রাম পাওয়ায় অনেক তরতাজা হয়ে ভারতের মুখোমুখি হতে পারবেন।
কনুইয়ের চোটে দীর্ঘদিন ভুগছেন কেন উইলিয়ামসন
তাছাড়া, কেন উইলিয়ামসন দীর্ঘদিন ধরে তাঁর কনুইয়ের চোটে ভুগছেন। বিশ্বকাপের সময়ও সেই চোট তাঁকে কাবু করলেও ব্যথা নিয়েই তিনি খেলা চালিয়ে যাচ্ছিলেন। টেস্ট সিরিজের আগে এই বিশ্রাম তাঁর প্রয়োজনও ছিল। পেস বোলার টিম সাউদিকে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে।
আঙুলের চোটের কারণে ইতিমধ্যেই ডেভন কনওয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও খেলতে পারেননি তিনি। লকি ফার্গুসন চোটের কারণে বিশ্বকাপের শুরুতে বাদ পড়ে গেলেও তিনি ভালো হয়ে উঠছেন এবং তাঁকে সিরিজে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড স্কোয়াড:
টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, অ্যাডাম মিল্ন, ড্যারিল মিচেল, জেমস নিশ্যাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাইফার্ট, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক)।