সতীর্থদের প্রশংসায় গা না ভাসিয়ে খোশমেজাজী বাটলারের লক্ষ্য ধারাবাহিকভাবে বড় রান করে যাওয়া
চলতি টি-২০ বিশ্বকাপের একমাত্র সেঞ্চুরী তাঁর দখলে
আপডেট করা - Nov 6, 2021 3:14 pm

জস বাটলার নামটি শুনলেই মনে একজন বিধ্বংসী ব্যাটারের ছবি ফুটে ওঠে যিনি প্রথম বল থেকেই তাঁর সর্বশক্তি নিয়ে আক্রমণ করছেন বোলারদের। ৩১ বছর বয়সী এই ক্রিকেটারের শক্তি এবং সাহসী শট নির্বাচন দেখে তেমন ছবি মনে আসাই স্বাভাবিক। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের রান তারা করার সময় তাঁর ৩২ বলে অপরাজিত ৭১ রানের ইনিংসে সেই ছবির প্রতিফলন ছিল স্পষ্ট।
কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি তাঁর খেলার অন্য দিকটি দেখান। পরিস্থিতি যখন কঠিন ছিল তখন প্রথম ৩০ বলে মাত্র ২৪ রান করেছিলেন। শ্রীলঙ্কার স্পিনারদের সামলে খেলছিলেন। কিন্তু একবার সেট হয়ে যেতেই তিনি আক্রমণাত্মক চেহারাটি বার করে আনেন। পরের ৩৭ বলে ৭৭ রান করে ১০১ রান করে অপরাজিত থাকেন। চলতি টি-২০ বিশ্বকাপে বাটলারের সেঞ্চুরীটিই একমাত্র শতরান।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাম্প্রতিক টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ইংল্যান্ড দলের সতীর্থ ডাউয়িড মালান বলেছেন, বাটলার ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন নিজেকে। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের খেলার আগে মালান বলেছেন, “যখন সে ফর্মে থাকে তখন সে একেবারেই খোশমেজাজে ব্যাটিং করে। বোলার বুঝতে পারে না তাঁকে কোথায় বল করতে হবে। আপনি লেংন্থ বল করেন, সে ছয় মারবে। আপনি শর্ট বল করেন, তখনো সে আপনাকে ছয় মারবে।”
মানসিকতায় বদল আসায় পারফর্ম্যান্সেও উন্নতি
বাটলার অবশ্য প্রশংসাকে অতো গুরুত্ব দিতে নারাজ। টাইমসের বুধবারের সংস্করণে তিনি বলেছেন, “সম্ভবত আমার জন্য সবচেয়ে আনন্দদায়ক বিষয়টি হল পরপর দুটি ভালো ইনিংস খেলা এবং তার চেয়েও বড় কথা দুটি ভিন্নধর্মী ইনিংস।”
“অল্প বয়সে আমি একটা ভালো ইনিংস খেলে উঠে তারপরের কিছু দিন ঢিলেমি করতাম। আমার বয়স বাড়ার সাথে সাথে আমি বুঝতে পেরেছি যে একটি ভাল ইনিংস খেলেছি মানে সেটা খেলা হয়ে গেছে, ওটা ইতিহাস হয়ে গেছে। আবার একটা ভালো ইনিংস খেলতে হবে এবং ভবিষ্যতেও করে যেতে হবে,” তিনি যোগ করেছেন।
দুবাইতে উইকেটকিপার-ব্যাটার বাটলার অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ককে পরপর দুটি ছক্কা মেরেছেন। যা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিল।
সীমিত ওভারের ক্রিকেটে বাটলার তাঁর ছাপ ফেললেও টেস্টে এখনো তিনি নজরকাড়া কিছু করতে পারেননি। ৫৩ টেস্টে মাত্র দুটি সেঞ্চুরিসহ বাটলারের রান ২৮০০, ব্যাটিং গড় ৩৩.৩৩।
বাটলারকে প্রায়ই জিজ্ঞাসা করা হয় যে কেন তিনি তাঁর সাদা বলের পারফর্ম্যান্সের পুনরাবৃত্তি টেস্টে করতে পারেন না। তার উত্তরে তিনি বলেছিলেন, “আমার মনে হয় না টেস্টে একইভাবে ব্যাটিং সম্ভব। উইকেটের চরিত্র আলাদা হয়, বল মুভ করে, তিনটে স্লিপ ফিল্ডার থাকে। পরিস্থিতি অনেক কঠিন।”
“মূল বিষয়টি হল মানসিকত। ক্রিজে সেই নির্ভীকতা দেখাতে পারলে লাল বলের ব্যাটিংয়েও আমি ইতিবাচক অবদান রাখতে পারব,” তিনি শেষে বলেছেন।