মহিলাদের ওডিআইয়ের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ১০০০০ ডেলিভারি করার কৃতিত্ব অর্জন করলেন ঝুলন গোস্বামী
২৪শে সেপ্টেম্বর লর্ড'সে আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলেছেন ঝুলন
আপডেট করা - Sep 25, 2022 12:12 pm

সারা কেরিয়ার জুড়ে অজস্র রেকর্ড ভেঙে নিজের নামে করা কিংবদন্তী ঝুলন গোস্বামী আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ম্যাচেও একটি মাইলফলক স্পর্শ করলেন। শনিবার, ২৪শে সেপ্টেম্বর, লর্ড’সে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে মহিলাদের ওয়ানডে ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০০ ডেলিভারি করার রেকর্ড গড়েছেন ঝুলন।৷
৩৯ বছর বয়সী পেসার অবসর নেওয়ার আগে ২০৪ ওয়ানডেতে মোট ১০০০৫টি ডেলিভারি করেছেন। এই ফর্ম্যাটে তাঁর ২৫৫ উইকেটও মহিলাদের ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ। ঝুলন তাঁর শেষ ওভারের প্রথম বলে দশ হাজার ডেলিভারি পূর্ণ করার কৃতিত্ব অর্জন করেছিলেন। ৫০ ওভারের ক্রিকেটে সর্বাধিক ডেলিভারি করার তালিকায় ঝুলনের পরের অবস্থানে আছেন ইংল্যান্ডের ক্যাথেরিন ব্রান্ট যিনি এখনও পর্যন্ত ১৪১ ম্যাচে ৬৮৪৭টি ডেলিভারি করেছেন।
সর্বোচ্চ ডেলিভারি করা বোলারদের তালিকা
| র্যাঙ্ক | নাম | ম্যাচ | ডেলিভারি |
| ১ | ঝুলন গোস্বামী | ২০৪ | ১০০০৫ |
| ২ | ক্যাথেরিন ব্রান্ট | ১৪১ | ৬৮৪৭ |
| ৩ | আনিসা মহম্মদ | ১৪১ | ৬২৫২ |
| ৪ | শাবনিম ইসমাইল | ১২৭ | ৬১৭০ |
| ৫ | ক্যাথরিন ফিট্জপ্যাট্রিক | ১০৯ | ৬০১৭ |
লর্ডসে তিন ম্যাচের ওডিআই সিরিজে ইংল্যান্ডকে ৩-০ ক্লিন সুইপ করে ভারত তাদের তারকা বোলারকে উপযুক্ত বিদায় সংবর্ধনা দিয়েছে। ডানহাতি পেসার ২০০২ সালে আত্মপ্রকাশের পর ২০ বছরেরও বেশী সময় আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সেবা করেছেন।
“আমি জানি এটি তার শেষ খেলা ছিল কিন্তু আমরা তাকে সবসময় মনে রাখব, সে সবসময় আমাদের সাথে থাকে এবং যখন আমাদের তার প্রয়োজন হয় তখন সে কেবল একটি কল দূরে থাকে। আমি কৃতজ্ঞ যে আমরা তার সাথে খেলার সুযোগ পেয়েছি,” ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কউর, যিনি ম্যাচের আগে আবেগব্যথিত হয়ে পড়েছিলেন, তিনি ম্যাচ শেষে উপস্থাপনার সময় বলেছেন।
ম্যাচের আগে ঝুলন তাঁর শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছিলেন এবং তাঁর আবেগকে কীভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে সে বিষয়ে কথা বলেছিলেন। “আমি বিসিসিআই, আমার বন্ধু, আমার পরিবার, আমার কোচ, সতীর্থ, অধিনায়ককে ধন্যবাদ জানাতে চাই। এই সুযোগের জন্য ধন্যবাদ, এটি একটি খুব বিশেষ মুহূর্ত। আমাকে (আবেগ সংযত রাখতে হবে), আমি এতো আবেগ নিয়ে ক্রিকেট মাঠে আসতে পারব না। একটি নির্মম চরিত্র হিসাবে আমাকে বেরিয়ে আসতে হবে এবং কঠোর ক্রিকেট খেলতে হবে এবং আমার সেরাটা দিতে হবে,” তিনি বলেছেন।
তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় অর্জন করেছে ভারত। প্রথমে ব্যাট করে ভারত ৪৫.৪ ওভারে ১৬৯ রানে গুটিয়ে যায়। সৌজন্যে কেট ক্রসের চার উইকেট। ভারতের হয়ে দীপ্তি শর্মা অপরাজিত ৬৮ এবং ওপেনার স্মৃতি মান্ধানা ৫০ রান করেন। জবাবে, চার্লি ডিন ও অ্যামি জোন্স তাঁদের পুনরুজ্জীবিত করার আগে ইংল্যান্ড ৬৫/৭-এ নেমে যায়। যদিও দীপ্তি শর্মার উপস্থিত বুদ্ধির জোরে ভারত প্রতিপক্ষকে ১৫৩ রানে সীমাবদ্ধ করতে সক্ষম হয়।