ভারতীয় দল থেকে ছিটকে গেলেন জয়দেব উনাদকাট

রঞ্জি ট্রফির ফাইনালে খেলার জন্য সৌরাষ্ট্র স্কোয়াডে যোগ দেবেন উনাদকাট

Jaydev Unadkat
Jaydev Unadkat. (Photo Source: Twitter)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফির ২য় টেস্টের জন্য নির্বাচিত ভারতীয় স্কোয়াডে থাকা সত্ত্বেও ছেড়ে দেওয়া হয়েছে বাঁ-হাতি পেসার জয়দেব উনাদকাটকে, ১২ই ফেব্রুয়ারি, রবিবার, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছে। কলকাতায় ইডেন গার্ডেন্সে বাংলার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ফাইনালে খেলার জন্য সৌরাষ্ট্র দলে যোগ দেবেন উনাদকাট ।

বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টটি ১৭ই ফেব্রুয়ারি থেকে নয়াদিল্লিতে শুরু হবে এবং রঞ্জি ট্রফির ফাইনালটি ১৬ই ফেব্রুয়ারি থেকে কলকাতায় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সৌরাষ্ট্র গত চারটি সংস্করণে তৃতীয় বারের জন্য রঞ্জি ট্রফির ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। উনাদকাটের অনুপস্থিতিতে অধিনায়ক অর্পিত ভাসাভাদার নেতৃত্বে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত সেমি-ফাইনালে কর্ণাটককে ৪ উইকেটে হারিয়েছে সৌরাষ্ট্র। অন্যদিকে, বাংলা গতবারের চ্যাম্পিয়ন মধ্য প্রদেশকে বিশাল ব্যবধানে পরাজিত করে শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছেছে।

চলমান রঞ্জি ট্রফিতে বাঁ-হাতি পেসার উনাদকাট সৌরাষ্ট্রর হয়ে তিন ম্যাচ খেলে মোট ১৭ উইকেট নিয়েছেন। যার মধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর সেরা বোলিং পরিসংখ্যানও নথিবদ্ধ করেছেন তিনি। দিল্লির বিরুদ্ধে ৩৯ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচের প্রথম ওভারে হ্যাট-ট্রিকও নিয়েছিলেন উনাদকাট।

কোনো বিকল্প খেলোয়াড় নেওয়া হয়নি

জয়দেব উনাদকাট গত বছর ভারতের বাংলাদেশ সফরের সময় টেস্ট স্কোয়াডে ফিরেছিলেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য দলে নেওয়া হয়েছিল তাঁকে। দলে উনাদকাটের বদলির নাম ঘোষণা করেনি বিসিসিআই। ২য় টেস্টের জন্য ভারতের ১৬ সদস্যের দলে পেস আক্রমণে বিকল্প হিসেবে রয়েছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও উমেশ যাদব।

বর্ডার-গাভাস্কার ট্রফিতে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে এক ইনিংস ও ১৩২ রানে হারিয়ে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। প্রথম টেস্টে বিপক্ষের ২০ উইকেটের মধ্যে মাত্র ৪টি তুলেছিলেন পেসাররা। নাগপুরের স্পিন-সহায়ক পিচে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা দাপট দেখান এবং নিজেদের মধ্যে মোট ১৫ উইকেট ভাগ করে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের ধাক্কা দিয়েছিলেন। ভারত প্রথম টেস্টে উমেশ এবং উনাদকাটদের বসিয়ে রেখে পেসার হিসেবে শামি ও সিরাজকে খেলিয়েছিল এবং পাঁচজনের বোলিং আক্রমণে তৃতীয় স্পিনার হিসাবে ছিলেন অক্ষর প্যাটেল।

close whatsapp