আরসিবি থেকে জেসন বেহ্রেনডর্ফকে ট্রেডিংয়ের মাধ্যমে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স
আইপিএল ২০২২-এর নিলামে ৭৫ লাখ টাকায় বেহ্রেনডর্ফকে কিনেছিল আরসিবি
আপডেট করা - Nov 12, 2022 8:25 pm

মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ২০২৩ নিলামের আগে একটি ট্রেডিং চুক্তিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) থেকে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জেসন বেহ্রেনডর্ফকে স্বাক্ষর করেছে। গত মরসুমে বেহ্রেনডর্ফ তাঁর বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা দরে আরসিবিতে যোগ দিয়েছিলেন। তবে দুর্ভাগ্যবশত তিনি আইপিএল ২০২২-এ খেলার সুযোগ পাননি কারণ আরসিবি তাদের প্রধান পেসার হিসাবে জশ হ্যাজলউডের উপর আস্থা রেখেছিল।
২০২২-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যাওয়ার আগে বেহ্রেনডর্ফ ২০২১ সালে চেন্নাই সুপার কিংস, এবং ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করেছিলেন। বাঁ-হাতি পেসার ৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৪/২১-এর সেরা বোলিং পরিসংখ্যানের সঙ্গে তাঁর সংগ্রহে ৭ উইকেট রয়েছে।
“রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে সফল ট্রেডিংয়ের পর মুম্বাই ইন্ডিয়ান্স অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জেসন বেহ্রেনডর্ফকে অন্তর্ভুক্ত করেছে। বাঁ-হাতি খেলোয়াড় ২০১৮ এবং ২০১৯ শিরোপাজয়ী মরসুমে এমআই পরিবারের একটি অংশ ছিল এবং তাকে ২০২৩ মৌসুমে ব্লু ও গোল্ডে ফিরে আসতে দেখা যাবে,” মুম্বাই ইন্ডিয়ান্স তাদের বিবৃতিতে বলেছে।
বিগ ব্যাশ লিগে ভালো ফর্মে ছিলেন জেসন বেহ্রেনডর্ফ
টাটা আইপিএলের ২০২৩ সংস্করণে মুম্বাই ইন্ডিয়ান্স-এর প্রতিনিধিত্ব করা ক্রিকেটার ২০১৮-তে এই ফ্র্যাঞ্চাইজির হয়েই ৫টি ম্যাচ খেলেছি ৫ উইকেট নিয়েছিলেন।
হ্যাজেলউড ও ইংল্যান্ডের বাঁ-হাতি ফাস্ট বোলার ডেভিড উইলের পরিবর্ত হিসাবে ৩২ বছর বয়সী বেহ্রেনডর্ফকে আরসিবি আইপিএল ২০২২-এর জন্য বেছে নিয়েছিল। তিনি তাঁর বিবিএল দল পার্থ স্কর্চার্সকে ২০২১-২২ মরসুমের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৩ ম্যাচ খেলে ১৬ উইকেট তুলেছিলেন ৭.৩২ ইকোনমি রেট এবং ১৯.০৬ গড়ে।
২০২১-এ প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়ার পর ২০২২-এ দশ দলের ইভেন্টে শেষতম স্থান অর্জন করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল ২০২২-এর লিগ পর্বে ১৪টি ম্যাচের মধ্যে মাত্র চারটি জয় পেয়েছিল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর জন্য মিনি নিলাম ২৩শে ডিসেম্বর কোচিতে আয়োজিত হবে। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। ইএসপিএনক্রিকইনফো অনুসারে, নিলামটি এক দিনই আয়োজিত হবে এবং কোচিতে পরিচালিত হবে। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার কেরালা রাজ্যে নিলাম অনুষ্ঠিত হবে।