অ্যাওয়ে ম্যাচে সাফল্য পেতেই ওয়ার্নারের নিশানায় ঘরের মাঠের পিচ
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ক্যাপিটালস ছয় ম্যাচ খেলে মাত্র দুটি জিতেছে
আপডেট করা - May 18, 2023 5:02 pm

দিল্লি ক্যাপিটালস (ডিসি) ১৭ই মে, বুধবার, ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চলমান আইপিএল ২০২৩ ৬৪তম ম্যাচে পাঞ্জাব কিংসকে ১৫ রানে হারিয়েছে। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পরে, ডিসি প্রথম ইনিংসে ২১৩/২ খাড়া করেছিল। এটি এই মরসুমে তাদের প্রথম ২০০ রানের বেশী স্কোর ছিল।
রান তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস দ্বিতীয় ইনিংসে ১৯৮/৮ অবধি পৌঁতে পেরেছিল লিয়াম লিভিংস্টোনের ৯৪ রানের সৌজন্যে। কিংস ১৫ রানে হেরে যাওয়ায় তাদের প্লে-অফের জন্য যোগ্যতা অর্জনের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ম্যাচের শেষে তাদের রোমাঞ্চকর জয়ের বিষয়ে বলতে গিয়ে ডিসি অধিনায়ক ডেভিড ওয়ার্নার ধরমশালার দুর্দান্ত ব্যাটিং ট্র্যাকে খেলার জন্য সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আরও বলেছেন যে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ধীর পিচে খেলা তাঁর নেতৃত্বাধীন দলের জন্য কঠিন ছিল।
“আমি মনে করি একটি ভালো উইকেটে খেললে তা সাহায্য করে। ধীর উইকেট ও ধারাবাহিকতাহীন পিচের কারণে ঘরের মাঠ আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। তবে এখানে খেলতে এসে ছেলেরা ভালো ছন্দ পেয়েছে। ঘরের মাঠে সবাই কিছুটা ধারাবাহিকতা চায়। তবে আমাদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে গিয়েছিল কারণ আমরা বুঝতে পারিনি দিল্লিতে কত রান করলে সেটা ভালো স্কোর হবে,” ইএসপিএনক্রিকইনফো দ্বারা ওয়ার্নার উদ্ধৃত হয়েছেন।
উইকেটটি ব্যাট করার জন্য সত্যিই ভালো ছিল: রাইলি রসৌ
ছয়টি ছয় ও সমসংখ্যক চার মেরে, ৩৭ বলে ৮২* রানের শ্বাসরুদ্ধকর ইনিংস খেলে দিল্লির হয়ে সর্বোচ্চ স্কোরার ছিলেন রাইলি রসৌ। দক্ষিণ আফ্রিকান ব্যাটারও ওয়ার্নারের কথার প্রতিধ্বনি করে বলেছেন যে তিনি ধরমশালায় ব্যাটিং উপভোগ করেছেন।
“এভাবে বলা যায় যে এটা (আইপিএলে প্রথম হাফ-সেঞ্চুরি) অনেক দিন ধরে বাকী ছিল। উইকেটটি ব্যাট করার জন্য সত্যিই ভালো ছিল। এই মরসুমে আমাদের ঘরের মাঠে যেটা ছিল না। ব্যাটিং উইকেটে খেলতে পারলে ভালো লাগে,” বলেছেন রসৌ।
ডিসি এখনও পর্যন্ত তাদের ঘরের মাঠে খেলা ছয়টি ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচ জিতেছে এবং দুবার ১৮০ রানের সীমা অতিক্রম করেছে। আইপিএল ২০২৩-এ বিপর্যয়করভাবে শুরু করেছিল তারা, যেখানে প্রথম পাঁচটি ম্যাচেই হেরেছিল। ডিসি তাদের পরবর্তী পাঁচটি ম্যাচের মধ্যে চারটি জিতে ভালো প্রত্যাবর্তন করেছিল।তবে চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। ডিসি এখন তাদের শেষ লিগ ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০শে মে, শনিবার, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।