আইপিএলে এই নির্দিষ্ট লক্ষ্যটি নিয়ে খেলতে নামবেন লিটন দাস
২০২২-এর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন লিটন
আপডেট করা - Dec 31, 2022 11:01 am

বাংলাদেশের ব্যাটার লিটন দাস মনে করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পাওয়ায় তিনি আরও ভালোভাবে চাপ সামলাতে শিখবেন এবং একজন খেলোয়াড় হিসেবে উন্নতি করবেন। দিনাজপুরে জন্মগ্রহণকারী এই খেলোয়াড় বলেছেন যে তিনি নগদ-সমৃদ্ধ লিগে বিশ্বের অন্যতম সেরাদের সঙ্গে ড্রেসিং রুমে সময় কাটানোর জন্য উন্মুখ।
২৩শে ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত মিনি-নিলামে লিটন তাঁর প্রথম আইপিএল চুক্তি অর্জন করেন। এই বছর সব ফর্ম্যাটেই বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার হয়ে ওঠা ২৮ বছর বয়সী লিটনকে পেতে ৫০ লক্ষ টাকা ব্যয় করেছিল কলকাতা নাইট রাইডার্স। ২০২৩-এর আইপিএলে তাঁর জাতীয় দলের সতীর্থ শাকিব আল হাসানের সঙ্গে একই স্কোয়াডে থাকবেন লিটন।
আমার মানসিক শক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে: লিটন দাস
“আইপিএল একটি বিশাল প্ল্যাটফর্ম এবং সেখানে উচ্চ-তীব্রতার ম্যাচগুলি খেলা যায়। বিশ্ব ক্রিকেটের কিছু বড় নামের সঙ্গে ড্রেসিং রুম ভাগ করে নেওয়া আমাকে অনেক সাহায্য করবে কারণ তাদের কাছ থেকে যত বেশী জানা যাবে ততই আপনার জন্য ভালো হবে। তাদের পরিকল্পনা বোঝা যায় এবং আরও একটি-দুটি জিনিস শেখা যায়। তাদের সঙ্গে সম্পর্ক গড়লে আমাকে আমার খেলা আরও ভালো করতে এবং আমার মানসিক শক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে,” স্পোর্টস্টারের সঙ্গে একটি সাক্ষাৎকারে লিটন দাস বলছেন।
ডান-হাতি ব্যাটার অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ প্রতিশ্রুতি দেখিয়েছিলেন। ২৫.৪০ গড়ে পাঁচ ম্যাচে ১২৭ রান করেছিলেন ১৪২.৬৯ স্ট্রাইক রেটে। ভারতের বিপক্ষে তাঁর ২৭ বলে ৬০ রানের ইনিংস ছিল বিশেষভাবে প্রশংসনীয়। ২০২২-এ তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ১৯২১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের সার্বিক তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন।
লিটন ব্যক্তিগত সাফল্য পেলেও বাংলাদেশ দলগতভাবে বিশেষ সাফল্য পায়নি। ২০২৩-এর শুরুতেই ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ আছে এবং তারপরে আয়ারল্যান্ড সফর। লিটন আশাবাদী যে দল ভুলগুলি শুধরে নিয়ে সাফল্য অর্জন করবে।
“আমাদের স্বপ্ন একটি দল হিসাবে বড় হওয়া এবং দুর্বল দিকগুলিকে ঠিক করা। কিন্তু আমি মনে করি যে .২০২২ আমাদের জন্য খারাপ ছিল না। আমরা ২০২৩-কে সাফল্যর সঙ্গে শুরু করার পরিকল্পনা করছি কারণ এই বছর অনেক ক্রিকেট খেলা হবে। আমি মনে করি না এখনই কোন নির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন কারণ এটি সিরিজ থেকে সিরিজে পরিবর্তিত হয়,” লিটন যোগ করেছেন।
“আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে বছর শুরু করব। তারপরে আমাদের ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে, তাই খেলার জন্য অনেক কিছু আছে এবং আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলতে চাই,” শেষে জানিয়েছেন লিটন।