“এটা একটা লম্বা প্রক্রিয়া” – বাংলাদেশ দলের পাওয়ার-হিটিং‍য়ে উন্নতি করার জন্য সময় চাইলেন মোসাদ্দেক

প্রস্তুতি ম্যাচে মোসাদ্দেক ১৭ বলে ৩০ রান করেছেন

Mosaddek Hossain
Mosaddek Hossain. (Image Source: Twitter)

টি-টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশ দেড় দশক ধরে খেলার পরেও এখনও বিশেষ কোন সাফল্য পায়নি। ২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের ব্যর্থতার অন্যতম বড় কারণ ডেথ ওভারে বড় শট খেলার মতো পাওার-হিটারের অভাব। ইনিংসের শেষের দিকে দ্রুত গতিতে রান করার মতো বা অতিকায় ছক্কা হাঁকানোর মতো ব্যাটার বাংলাদেশের ঙেই বললেই চলে। নিজেদের পাওয়ার হিটিংয়ের সমস্যা কাটিয়ে উঠতে মিরপুরে খেলোয়াড়দের নিয়ে কাজ করছেন ব্যাটিং পরামর্শদাতা জ্যামি সিডন্স।

এশিয়া কাপের আগে নিজেদের মধ্যে খেলা প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের নির্ভরযোগ্য অলরাউন্ডার শাকিব আল হাসান ও সদ্য এক ম্যাচের জন্য জাতীয় দলের অধিনায়কত্ব করা মোসাদ্দেক হোসেন সৈকত ছাড়া আর কাউকেও টি-টোয়েন্টির বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে দেখা যায়নি। পাওয়ার হিটিংয়ের সমস্যা কাটিয়ে উঠতে দলের আরও সময় লাগবে, এমনটাই মনে করছেন মোসাদ্দেক। এই অলরাউন্ডার জানিয়েছেন, একদিনেই খুব বেশি উন্নতি করা সম্ভব নয়।

“সময় দিলে এখান থেকে আমরা ভালো ফলাফল পাবো” – মোসাদ্দেক হোসেন

ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় মোসাদ্দেক বলেছেন, “পাওয়ার হিটিং বলতে আমরা সবাই যেটা বুঝতে পারি সেটা ছয় মারার ক্ষমতা। সেটাই হয়তো সবাই করার চেষ্টা করছে। আজকের ম্যাচে সেই আবহটা ছিল। সবাই মারতে চায়, এমন মনোভাবই ছিল। সেটার প্র্যাকটিসটাই আজকে করার চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “একদিনে হয়তো আপনি খুব বেশি উন্নতি করতে পারবেন না। এটা একটা লম্বা প্রক্রিয়া। সময় দিলে এখান থেকে আমরা ভালো ফলাফল পাবো। এটার জন্য আমাদের সবাইকেই সময় দিতে হবে।”

কদিন আগেই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে শাকিবের হাতে। ২০ ওভারের ক্রিকেটের নেতৃত্ব পেয়েই সতীর্থদের নিজের পরিকল্পনা বুঝিয়ে দেওয়ার পাশাপাশি অভিজ্ঞ এই অলরাউন্ডার এও মনে করিয়ে দিয়েছেন যে কেউ রাতারাতি সাফল্যর আশা করলে তিনি মূর্খের স্বর্গে বসবাস করছেন। শাকিবের পরিকল্পনা মাঠে কার্যকর করতে পারলে টি-টোয়েন্টি সংস্করণে উপকার হবে বলে মনে করেন মোসাদ্দেক।

তিনি শেষে বলেছেন, ‘পরিবর্তন আপনি যখন করবেন তখন দুইটা দিক আসতে পারে। হয় পজিটিভ বা নেগেটিভ। শাকিব যে পরিকল্পনা করেছে, সেই জায়গা থেকে অবশ্যই এটা পজিটিভ মনে হচ্ছে। এটার ধারাবাহিকতা যদি আমরা ধরে রাখি তা হলে টি-টোয়েন্টি সংস্করণে খুবই উপকার হবে দলের।”

close whatsapp