ঈশান কিষানের বিস্ফোরক ২১০ রানের সৌজন্যে ভাঙল একের পর এক রেকর্ড

ঈশানের ইনিংস সাজানো ২৪টি চার ও ১০টি ছয় দিয়ে

Ishan Kishan
Ishan Kishan. (Photo Source: Twitter)

ভারতের তরুণ ব্যাটার ঈশান কিষান চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচে রেকর্ডভাঙা ইনিংস খেলে নজর কাড়লেন। তিনি মাত্র ১২৬ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। সচিন তেন্ডুলকার, রোহিত শর্মা ও বীরেন্দর সেহওয়াগের পর তিনি ভারতের চতুর্থ ব্যাটার এবং বিশ্বের সপ্তম ব্যাটার  হিসেবে দ্বি-শতরানের পৌঁছনোর কীর্তি অর্জন করেছেন।

ভারতের প্রথম একাদশে প্রথম পছন্দের খেলোয়াড় ছিলেন না ঈশান। দ্বিতীয় ওয়ানডেতে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার বুড়ো আঙুলে চোট লাগায় তিনি তৃতীয় ম্যাচ থেকে বাদ পড়েন এবং ঝাড়খণ্ডের তরুণ ব্যাটারের জন্য সুযোগ হাজির হয়। তিনি যে পারফর্ম্যান্স দেখিয়েছেন তাতে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতের একাদশের নিয়মিত মুখ হয়ে ওঠার দাবী জোরালো করেছেন। 

ভাঙল গেইল, ওয়াটসনের রেকর্ড

বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের আমন্ত্রণে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ইনিংসের শুরুতে ওপেনার শিখর ধাওয়ানকে হারিয়েছিল। তিনি ৮ বলে মাত্র ৩ রান করেন। এরপরে তাঁর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ব্যাটিং করার সময় আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ঈশান। মাত্র ৮৫ বলে সেঞ্চুরিতে পৌঁছন ঈশান। তাঁকে যোগ্য সহায়তা দিয়ে কোহলিও ভালো গতিতে রান করতে থাকেন। তবে ঈশানের গতির সামনে কোহলির প্রচেষ্টা আলাদা করে নজর কাড়তে পারেনি। শেষ অবধি ১২৬ বলে ডাবল সেঞ্চুরি পাওয়ার পরে ঈশানের ইনিংস থামে ২১০ রানে যখন তাসকিন আহমেদের বলে ছক্কা হাঁকাতে গিয়ে লং অফে লিটনের হাতে ক্যাচ দিয়ে বসেন। 

এই প্রথম কোন ব্যাটার ওডিআইতে তাঁর প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করতে সক্ষম হয়েছেন। মাত্র ২৪ বছর বয়সে দ্বি-শতরানে পৌঁছে ওডিআই ডাবল সেঞ্চুরি করা কনিষ্ঠতম ব্যাটারও হয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তী ক্রিস গেইলেরও একটি রেকর্ড ভাঙেন ঈশান। ২০১৫তে গেইল ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করে দ্রুততম ওডিআই ডাবল সেঞ্চুরিয়নের রেকর্ড দখলে রেখেছিলেন। ঈশান সেই রেকর্ড ভেঙে দেন মাত্র ১২৬ বলে মাইল স্টোনে পৌঁছে।

তাঁর ইনিংসের সৌজন্যে বাংলাদেশে একজন সফরকারী ব্যাটার দ্বারা এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডও নিজের দখলে নেন ঈশান। এর আগে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনকে ২০১১তে ১৮৫* করে এই রেকর্ড দখলে রেখেছিলেন। এছাড়াও তিনি প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে টপকে দেশের বাইরে ওপেনার হিসেবে ভারতের সর্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রাহক হয়েছেন। গাঙ্গুলী ১৯৯৯ সালে টনটনে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৩ রান করেছিলেন। ঈশানের ২১০ রান পুরুষদের ওয়ানডেতে যে কোন ব্যাটারের বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

close whatsapp