বাংলাদেশ বনাম ভারত: তৃতীয় ওডিআই, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ
সিরিজ হোয়াইটওয়াশ এড়াতে চাইবে ভারতীয় দল
আপডেট করা - Dec 9, 2022 7:02 pm

১০ই ডিসেম্বর, শনিবার, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। প্রথম দুই ম্যাচে জেতার পরে বাংলাদেশ ইতিমধ্যেই সিরিজ দখল করেছে এবং এখন তাদের লক্ষ্য হোয়াইটওয়াশের দিকে।
দুটি ম্যাচেই ব্যাকফুটে থেকেও শেষ অবধি জয় অর্জন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে যখন তাদের ৫০ রানেরও বেশী করতে হত, তখন তাদের হাতে ছিল মাত্র এক উইকেট। কিন্তু সেই পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করেন মেহিদি হাসান মিরাজ। দ্বিতীয় ম্যাচেও তিনি ত্রাতা হয়ে ওঠেন যখন ৬৯/৬ থেকে দলকে ২৭০-এর বেশী স্কোরে পৌঁছে দেন সেঞ্চুরি করে।
অন্যদিকে পরপর দুটি ম্যাচে সুবিধাজনক অবস্থানে থেকেও হাতছাড়া হওয়ায় ভারত দুশ্চিন্তায় থাকবে। প্রথম দশ ওভারে ভারত অত্যন্ত মন্থর ব্যাটিং করার পাশাপাশি নিয়মিত উইকেট হারাচ্ছে। শিখর ধাওয়ানের ফর্ম অসন্তোষজনক। মিডল ওভারে বোলাররা উইকেট নিতে ব্যর্থ হচ্ছেন। হোয়াইটওয়াশ এড়াতে ভারতকে এখন অনেক সমস্যার সমাধান করতে হবে।
পিচ কন্ডিশন
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচ স্পিনারদের জন্য অনুকূল হলেও পেসারদের জন্য সহায়তা থাকবে। টস জইয়ী দল প্রথমে ফিল্ডিং করার কথা ভাবতে পারে। প্রথমে ব্যাটিং করা দলকে লড়াইয়ে থাকতে হলে অন্তত ২৭০-এর বেশী রান তুলতে হবে।
উভয় দলের কম্বিনেশন
বাংলাদেশ
সিরিজ জয় নিশ্চিত করার পরে বাংলাদেশ চাইবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে। চলতি সিরিজে একবারও সুযোগ না পাওয়া ইয়াসির আলি, শরিফুল ইসলামদের প্রথম একাদশে রাখা হতে পারে। প্রথম দুই ম্যাচে বিশেষ প্রভাব না রাখা নাজমুল হোসেন শান্তকে বাদ দেওয়া হতে পারে। আফিফ হোসেনও বিশেষ ফর্মে নেই। ফলে এই দুটি পরিবর্তন দেখা যেতে পারে।
সম্ভাব্য একাদশ: আনামুল হক, লিটন দাস (অধিনায়ক), শাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি, মাহমুদউল্লাহ্, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।
ভারত
ওপেনিং করতে নামা শিখর ধাওয়ানকে একেবারেই ছন্দে দেখাচ্ছে না। তাঁকে বাদ দিয়ে ওডিআইতে অভিষেক করার সুযোগ দেওয়া হতে পারে রাহুল ত্রিপাঠীকে। চোটের কারণে অনুপস্থিত থাকা রোহিতের জায়গা নিতে পারেন ঈশান কিষান। এ ছাড়া স্কোয়াডে যুক্ত হওয়া কুলদীপ যাদবকে একাদশে ফেরানো হতে পারে।
সম্ভাব্য একাদশ: ঈশান কিষান, রাহুল ত্রিপাঠী, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, উমরান মালিক।
বাংলাদেশ বনাম ভারত হেড-টু-হেড
ম্যাচ – ৩৮ | বাংলাদেশ – ৭ | ভারত – ৩০ | অমীমাংসিত – ১
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ১০ই ডিসেম্বর, ভারতীয় সময় সকাল ১১:৩০
টিভি – সনি স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – সনিলিভ অ্যাপ