আগামী বছর থেকেই ফের আইপিএলে হোম ও অ্যাওয়ে ম্যাচের নিয়ম দেখা যেতে চলেছে
আপডেট করা - Jun 15, 2022 5:49 pm

সবকিছু ঠিকঠাক চললে আগামী বছর থেকেই ফের পুরনো চেহারায় ফিরতে চলেছে আইপিএল। বড়সড় কোনও অঘটন না ঘটলে ২০২৩ সালেই ফের হোম অ্যাওয়ে নিয়মে হতে চলেছে আইপিএল। আর সেই কথা নিজেই জানিয়ে দিলেন এবার বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এই খবরে ভারতীয় ক্রিকেট প্রেমীরা যে যথেষ্ট খুশি তা বলার অপেক্ষা রাখে না। আইপিএল নিয়ে যে বোরি্ডের দীর্ঘ মেয়াদ নানান পরিকল্পনা রয়েছে তাও এদিন জানিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি।
গত দুবছর ধরে করোনার প্রভাবে বদলে গিয়েছে সমস্তকিছু। মানষের জীবনযাত্রার সঙ্গে খেলার মাঠেও পড়েছে করোনার ভয়ঙ্কর প্রভাব। আর তার জেরেই আইপিএলও হয়েছে দেশের বাইরে। ভারতের মাটি থেকে সংযুক্ত আরব আমির শাহীর মাঠেই আইপিএলের মঞ্চ সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিলেন বোর্ড কর্তারা। ২০২১ সালে ঘরের মাঠে আইপিএলের প্রথম পর্ব শুরু হলেও, করোনার প্রভাবেই তা স্থগিত হয়ে গিয়েছিল।
প্রায় দু বছর পর ফের আইপিএল ফিরেছে দেশের মাটিতে। এই মরসুমে ঘরের মাঠেই বসেছিল আইপিএলের আসর। কিন্তু তাও অনেক বিধি-নিষেধ মেনেই আয়োজন করতে হয়েছি বোর্ডকে। করোনার প্রভাব কমলেও, পুরোপুরি না যাওয়ার ফলে একটি রাজ্যেই আইপিএলের লিগ পর্বের প্রতিটি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিতে হয়েছিল বোর্ডকে। মহারাষ্ট্রেই হয়েছিল এবারের আইপিএল। শুরুর দিকে আইপিএলে ১০০ শতাংশ দর্শক প্রবেশেরও অনুমতি ছিল না।
করোনার জন্য এবছর একটি নির্দিষ্ট জায়গাতেই গ্রুপ পর্বের ম্যাচ আয়োজন করেছিল বিসিসিআই
কিন্তু প্লেঅফের মঞ্চ থেকে ধীরে ধীরে বদলেছিল চিত্রটা। গ্রুপ পর্বের পর আহমেদাবাদ এবং কলকাতাতেই আইপিএলের প্লেঅফ এবং ফাইনালের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড। প্লেঅফের দুটো ম্যাচ হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। ১০০ শতাংশ দর্শক নিয়েই আয়োজন হয়েছিল ম্যাচ। আহমেদাবাদে প্রায় এক লক্ষ দর্শক উপস্থিত ছিল স্টেডিয়ামে। খানিকটা হলেও এবার ছন্দে ফিরেছে আইপিএল। আগামী বছর থেকে ফের পুরনো নিয়মেই দেখা যাবে ক্যাশ রিচ লিগ।
বোর্ড সভাপতির মতে আর কোনও নির্দিষ্ট মাঠে কিংবা জায়গায় নয়, আগামী বছর থেকেই নাকি আইপিএল ফের হতে চলেছে তার পুরনো নিয়মে। স্পোর্টসস্টারকে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “আইপিএল সত্যিই একট অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আগামী বছরেই হয়ত ফের হোম ও অ্যাওয়ে নিয়মে হতে চলেছে আইপিএল”।
মঙ্গলবারই আইপিএলের মিডিয়া সত্ত্ব বিক্রি হয়েছে বিপুল অর্থে। টিভি ও ডিজিটাল সত্ত্ব মিলিয়ে প্রায় ৪৮ হাজার কোটি টাকায় বিক্রি হয়েছে আইপিএলের সত্ত্ব। একইসঙ্গে শোনাযাচ্ছে আগামী বছর নাকি আইপিএলের জন্য আলাদা উইন্ডোর ব্যবস্থা হতে পারে। আন্তর্জাতিক সূচীর সঙ্গে সামঞ্জস্য রেখে আইপিএলের জন্য আড়াই মাসের একটি উইন্ডোর ব্যবস্থার কথাও শোনা যাচ্ছে। আইপিএল যে আগামী দিনে আরও বড় আকার ধারণ করতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।