আইপিএল ২০২৩: ইডেন গার্ডেন্সে কেকেআরের ম্যাচ দেখতে হলে কত খরচ করতে হবে?

ইডেন গার্ডেন্সে টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্য জানুন

Eden Gardens
Eden Gardens. (Photo by Jan Kruger-ICC/ICC via Getty Images)

আইপিএলের ১৬তম সংস্করণ শুরু হতে চলেছে ৩১শে মার্চ, শুক্রবার। কোভিডের কারণে তিন মরসুম আইপিএল আয়োজন করতে হয়েছিল সীমিত কয়েকটি স্টেডিয়ামে। কখনও এই টুর্নামেন্ট আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছিল বিদেশের মাঠকেও। তবে আইপিএল ২০২৩ আবার ফিরে আসছে চিরাচরিত হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে। বাকী দলগুলির মতো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের হোম গ্রাউন্ডে ফিরে আসছে এবং নাইটদের সমর্থকরা প্রিয় দলের খেলা দেখতে পারবেন কলকাতার ঐতিহ্যশালী ইডেন গার্ডেন্সে।

আইপিএলের অন্যতম সমর্থকপুষ্ট ফ্র্যাঞ্চাইজি কেকেআর। তাদের ম্যাচ দেখার জন্য কাতারে কাতারে শহরবাসী ভীড় জমান স্টেডিয়ামে। ষাট হাজারের অধিক দর্শকে ঠাসা ইডেন গার্ডেন্সে যখন কেকেআর খেলতে নামবে, তখন নিঃসন্দেহে উজ্জীবিত থাকবেন নাইটদের খেলোয়াড়রাও। আগামী ১লা এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৩-এ তাদের অভিযান শুরু করবে । তবে সেটি কেকেআরের অ্যাওয়ে ম্যাচ। কলকাতার ফ্র্যাঞ্চাইজি ইডেন গার্ডেন্সে তাদের ঘরের মাঠে নামবে লিগের নবম ম্যাচে। ৬ই এপ্রিল, বৃহস্পতিবার, আয়োজিত সেই ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)।

কেকেআরের খেলোয়াড়রা তো আছেনই, সেই সঙ্গে ফ্যানরা দেখতে পারবেন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলদের মতো তারকা খেলোয়াড়দের। ২০১৯-এর পরে কেকেআরকে আবার ইডেনে ম্যাচ খেলতে দেখার জন্য দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি হয়েছে এখন থেকেই। কেকেআরের সাতটি হোম ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে ২০শে মার্চ থেকে। ফ্যানদের চাহিদার কথা মাথায় রেখেই প্রথম হোম ম্যাচের দুই সপ্তাহেরও বেশী সময় আগে টিকিট বাজারে ছাড়া হয়েছিল।

ইডেন গার্ডেন্সে সর্বোচ্চ মূল্য খরচ করলে খেলা দেখতে পারবেন কর্পোরেট বক্স থেকে

সমর্থকদের মধ্যে টিকিটকে ঘিরে চাহিদা বেশী হওয়ার সম্ভাবনা বিবেচনা করে কেকেআর ম্যানেজমেন্ট অনলাইন ও অফলাইন, উভয় মাধ্যমেই, টিকিট বিক্রির ব্যবস্থা করেছে। আসন্ন সংস্করণে আগের মরসুমগুলির তুলনায় টিকিটের দাম বেশী রাখা হয়েছে। ন্যূনতম মূল্যের টিকিটের দাম ৭৫০ টাকা। স্টেডিয়ামের আপার টিয়ারের পাঁচটি ব্লক থেকে ম্যাচ প্রত্যক্ষ করতে পারবেন ন্যূনতম মূল্যের টিকিটের অধিকারীরা।

এর পরের ধাপের টিকিটের জন্য খরচ করতে হবে ১০০০ টাকা। ক্লাব হাউসের আপার টিয়ারে বসে খেলা দেখতে হলে ৫ হাজার টাকার টিকিট কিনতে হবে ক্রিকেটপ্রেমীদের। দর্শকদের আরও আরামদায়ক অভিজ্ঞতা দেওয়ার জন্য ক্লাব হাউসের লোয়ার টিয়ারের টিকিটের ব্যবস্থা থাকছে। এর জন্য কিনতে হবে ৮ হাজার টাকার টিকিট।দর্শকরা জন্য আরও স্বাচ্ছন্দ্য চান, তবে তার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে কর্পোরেট বক্সে। এখানে বসে খেলা উপভোগ করার জন্য ব্যয় করতে হবে ২৬ হাজার টাকা। এই মরসুমের আইপিএলে ইডেন গার্ডেন্সে সর্বোচ্চ মূল্যের টিকিট এটাই।

অনলাইন মাধ্যমে যাঁরা কেকেআরের হোম ম্যাচের টিকিট কিনতে চান, তাঁদের বুকমাইশো ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটতে হবে। বুকমাইশো ওয়েবসাইটে কলকাতা নাইট রাইডার্স সার্চ করতে হবে। সেখান থেকে ম্যাচের তালিকা দেখা যাবে এবং পছন্দের ম্যাচ নির্বাচন করে কোন দামের টিকিট কাটতে আগ্রহী তা বাছাই করতে হবে। এরপরে বাছাই করতে হবে স্টেডিয়ামের নির্দিষ্ট স্ট্যান্ড ও সিট। শেষে নিজের নাম ও প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকিট কাটা সম্পূর্ণ করা যাবে।

close whatsapp