ধোনির সক্রিয়তার কারণেই সিএসকেতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ‘অসন্তুষ্ট’ জাডেজা

আইপিএল ২০২২-এ জাডেজার অধিনায়কত্বে টালমাটাল পরিস্থিতি ছিল সিএসকেতে

Chennai Super Kings
MS Dhoni and Ravindra Jadeja. (Photo Source: IPL/BCCI)

আইপিএল ২০২২-এ চেন্নাই সুপার কিংস (সিএসকে) ফ্র্যাঞ্চাইজি ও তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার সম্পর্কের অবনতি হয়েছিল। এরপরে অধিনায়ক এমএস ধোনি ও জাডেজার মধ্যে কথোপকথন হওয়ার পরে পরিস্থিতি এখন আগের চেয়ে উন্নত হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত বছর ধোনির কাছ থেকে নেতৃত্বের দায়ভার অর্পণ করা হয়েছিল জাডেজার হাতে। যদিও সিএসকের ধারাবাহিক ব্যর্থতার পরে আবার ধোনিকেই অধিনায়ক ঘোষণা করা হয়েছিল।

একটানা হার সহ্য করার পাশাপাশি খেলোয়াড় হিসেবে জাডেজা প্রত্যাশিত পারফর্ম্যান্স দেখাতে পারছিলেন না। ধোনির কাছে অধিনায়কত্বের দায়িত্ব ফিরে আসার পরে অসন্তুষ্ট হয়েছিলেন জাডেজা এবং জানা গেছে যে মুম্বাইতে আয়োজিত লিগের শেষ পর্বে টিম হোটেল থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি।

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, জাডেজা ও ধোনির মধ্যে দীর্ঘ খোলামেলা আলোচনা হয়েছিল এবং ফ্র্যাঞ্চাইজির সিইও কাসি বিশ্বনাথনের সঙ্গেও কথা বলেছিলেন জাতীয় দলের অলরাউন্ডার। এরপরেই দুই পক্ষের মাঝে চলতে থাকা জটিলতা কমেছিল। আলোচনা হয়েছিল মূলত অধিনায়কত্বের সিদ্ধান্তের বিষয়ে জাডেজার প্রধান সমস্যা কী ছিল এবং তিনি ভবিষ্যতে কী আশা করছেন তা নিয়ে।

আইপিএলে অধিনায়ক হিসেবে অভিষেক মরসুমে জাডেজা – ব্যাটিং ও বোলিং – দুই বিভাগেই খারাপ ফর্মে ছিলেন। বাঁ-হাতি ব্যাটার ১০ ম্যাচে মাত্র ১১৬ রান করতে পেরেছিলেন এবং বাঁ-হাতি অফ স্পিন বোলিং করে মাত্র পাঁচ উইকেট নিয়েছিলেন। অবশেষে, হলুদ জার্সির দল তাদের মরসুম শেষ করেছিল ১৪ ম্যাচে চারটি জয় নিয়ে। পয়েন্ট তালিকায় তারা নবম স্থানে ছিল।

আইপিএল ২০২৩-এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন রবীন্দ্র জাডেজা

ধোনির হস্তক্ষেপের পর থেকে তারকা অলরাউন্ডার ও ফ্র্যাঞ্চাইজির মধ্যে সম্পর্ক আরও উন্নত হয়েছে। জাডেজা ইতোমধ্যেই নেট সেশনে ঘাম ঝরাতে শুরু করেছেন এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন সংস্করণে তাঁর দলের হয়ে সেরা ফর্ম দেখাতে প্রস্তুত।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে দুর্দান্ত অবদান রাখায় সিএসকে সমর্থকরা ও ম্যানেজমেন্ট জাডেজার বর্তমান ফর্মে খুশি হবে। চোটের কারণে পাঁচ মাসের বেশী সময় মাঠের বাইরে থাকার পরে ৩৪ বছর বয়সী জাতীয় দলে প্রত্যাবর্তন করে বর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজের যুগ্ম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।

আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংস তাদের অভিযান শুরু করবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩১শে মার্চ, শুক্রবার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যখন ধোনির নেতৃত্বাধীন দল নামবে, তখন তাদের লক্ষ্য হবে গতবারের ব্যর্থতা ঝেড়ে ফেলে সাফল্যর সঙ্গে মরসুম শুরু করার। সিএসকে তাদের প্রথম হোম ম্যাচ খেলবে ৩রা এপ্রিল, সোমবার, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।

close whatsapp