আইপিএল ২০২৩, ম্যাচ ৬৮: কেকেআর বনাম এলএসজি, কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ
লখনউয়ের বিরুদ্ধে খুব বেশী পরিবর্তন নাও করতে পারে কেকেআর
আপডেট করা - May 19, 2023 9:15 pm

আইপিএল ২০২৩-এর গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তেরো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে কেকেআর। ২০শে মে, রবিবার, চলমান মরসুমের ৬৮তম ম্যাচে খেলার জন্য কেকেআর তাদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ফিরে আসছে।
দুটি দল এই মরসুমে এই প্রথমবার মুখোমুখি হবে। কেকেআর তাদের আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ছয় উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসী হবে এবং এলএসজির বিরুদ্ধে জিতে প্লে-অফে যাওয়ার আশা বজায় রাখতে চায়বে। ক্রূণাল পান্ডিয়ার নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে নামার আগে দেখে নেওয়া যাক কেকেআরের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।
রহমানউল্লাহ্ গুরবাজ ও জেসন রয়ের জুটির উপরে ভরসা রাখছে কেকেআর ম্যানেজমেন্ট এবং শেষ লিগ ম্যাচেও ওপেনিংয়ের জন্য এই জুটিকেই খেলানো হতে পারে। আগের ম্যাচে দুই ওপেনারই তাড়াতাড়ি আউট হয়েছিলেন, তবে কলকাতার ব্যাটিং সহায়ক পিচে বড় স্কোর করার সম্ভাবনা রয়েছে। উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করবেন গুরবাজ।
একাদশে কোনো পরিবর্তন নাও করতে পারে কেকেআর
ভেঙ্কটেশ আইয়ার ও নীতীশ রানার মধ্যে যে কোনো একজন তিনে নামবেন এবং অন্যজন চারে আসবেন। শুরুতেই ওপেনারদের মধ্যে একজন আউট হয়ে গেলে আসার সম্ভাবনা ভেঙ্কটেশের। তবে স্পিনাররা যদি বোলিং আক্রমণে চলে আসেন, তবে অধিনায়ক নীতীশই আসবেন। এলএসজির সমৃদ্ধ স্পিন বোলিং আক্রমণের সামনে নীতীশের ব্যাটিং গুরুত্বপূর্ণ হবে।
পাঁচ ও ছয় নম্বরে রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেলের উপরেই আবারও ভরসা করবে নাইট ম্যানেজমেন্ট। গত ম্যাচে রিঙ্কু কঠিন পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করে হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হন তিনি। রাসেলের উপর দায়িত্ব থাকবে কেকেআরের ইনিংসকে প্রয়োজনীয় বিস্ফোরক শক্তি যোগানোর।
সাত নম্বরে শার্দূল ঠাকুর আসতে পারেন। বিগত কয়েক ম্যাচে তাঁর ব্যাটিংয়ের মাধ্যমে উল্লেখযোগ্য অবদান না রাখলেও, ইডেনের ছোট বাউন্ডারির কারণে শার্দূলের পক্ষে ছক্কা হাঁকানো তুলনামূলক সহজ হবে। সুনীল নারিন আগের ম্যাচে ১৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন এবং বোলিংয়ের পাশাপাশি আট নম্বরে তাঁর ব্যাটিংয়ের দিকেও নজর থাকবে।
বোলিংয়ের সময়ে পাওয়ারপ্লেতে পেসার হিসেবে কেকেআর ব্যবহার করতে পারে হার্ষিত রানা ও বৈভব আরোরাকে। এ ছাড়া দুই নির্ভরযোগ্য স্পিনার সুয়াশ শর্মা ও বরুণ চক্রবর্তী খেলবেন। দুজনের মধ্যে একজনকে বোলিং একাদশের অন্তর্ভুক্ত করা হবে এবং ব্যাটিং একাদশের বাইরে রাখা হবে।
প্রথমে ব্যাটিং করলে সম্ভাব্য একাদশ: জেসন রয়, রহমানউল্লাহ্ গুরবাজ (উইকেটকিপার), নীতীশ রানা (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, হার্ষিত রানা, বৈভব আরোরা, সুয়াশ শর্মা।
প্রথমে বোলিং করলে সম্ভাব্য একাদশ: জেসন রয়, রহমানউল্লাহ্ গুরবাজ (উইকেটকিপার), নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, হার্ষিত রানা, বৈভব আরোরা, সুয়াশ শর্মা, বরুণ চক্রবর্তী।