আইপিএল ২০২৩, ম্যাচ ৩১: এমআই বনাম পিবিকেএস, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ
টানা তিন ম্যাচ জেতার পরে পাঞ্জাবের মোকাবিলা করতে নামছে মুম্বাই
আপডেট করা - Apr 21, 2023 10:58 pm

জয়ের হ্যাট-ট্রিকের আত্মবিশ্বাস নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) আইপিএল ২০২৩-এর ৩১তম ম্যাচে শরের মাঠে খেলতে নামবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস (পিবিকেএস)। মুম্বাই এখনও অবধি পাঁচ ম্যাচ খেলে দুটি হেরেছে এবং তিনটি জিতেছে। পাঞ্জাবও তিনটি ম্যাচ জিতে ছয় পয়েন্ট দখল করেছে, তবে তাদের হারের সংখ্যা তিন।
তাদের আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স বিপক্ষের ঘরের মাঠে গিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছিল। অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের ৬৪ (৪০) রানের সৌজন্যে ১৯২/৫ স্কোর করেছিল এমআই। জবাবে নিয়মিত ব্যবধানে উইকেটের পতন হতে থাকে হায়দ্রাবাদের। বোলিংয়েও গ্রিন অবদান রেখে এক উইকেট নেন। শেষ অবধি সানরাইজার্স ১৭৮ রানে অল আউট হয়ে যাওয়ায় ১৪ রানে জয়ী হয়েছিল এমআই।
মুম্বাইয়ের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস তাদের আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২৪ রানের শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছিল। ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪৩ রানে ৪ উইকেট হারানোর পরে প্রভসিমরান সিং ও জিতেশ শর্মা লড়াই করলেও ১৫০ রানে অল আউট হয়ে গিয়েছিল পিবিকেএস। চোটের কারণে সেই ম্যাচেও অনুপস্থিত ছিলেন অধিনায়ক শিখর ধাওয়ান।
পিচ কন্ডিশন
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচে ব্যাটাররা উপভোগ্য সময় কাটান। বাউন্ডারির দূরত্ব বেশী না হওয়ায় অনায়াসে ছক্কা হাঁকানো সম্ভব হয়। এই মাঠে প্রথমে ব্যাটিং করা দলকে সব সময়ই উদ্বিগ্ন থাকতে হয়, কারণ স্কোরই নিরাপদ নয়। প্রথমে ব্যাটিং করা দলের কাছ থেকে কমপক্ষে ১৮০ রান আশা করা হচ্ছে।
উভয় দলের কম্বিনেশন
মুম্বাই ইন্ডিয়ান্স
পরপর তিন ম্যাচ জেতার পরে মুম্বাই তাদের কম্বিনেশনে বিশেষ কোনো পরিবর্তন আনতে চায়বে না। যদি না চোটজনিত কোনো সমস্যা থাকে, তবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল একাদশ অপরিবর্তিত রাখবে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রাইলি মেরেডিথকে ব্যবহার করা হতে পারে।
সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, হৃতিক শোকিন, পীযূষ চাওলা, অর্জুন তেন্ডুলকার, জেসন বেহ্রেন্ডর্ফ।
পাঞ্জাব কিংস
চোটের কারণে দুটি ম্যাচে না খেলার পরে শিখর ধাওয়ান আসন্ন ম্যাচে একাদশে ফিরে আসতে পারেন। এ ছাড়া আগের ম্যাচে সিকান্দার রাজাকে বাদ দিয়ে বিশেষ লাভবান হয়নি কিংস। আগামী ম্যাচে তাঁরও একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। মুম্বাইয়ের পেস-সহায়ক পিচের কথা মাথায় রেখে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হতে পারে বিধ্বত কাভেরাপ্পাকে।
সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরান সিং, লিয়াম লিভিংস্টোন, সিকান্দার রাজা, জিতেশ শর্মা, (উইকেটকিপার), স্যাম কারান, শাহরুখ খান, হারপ্রীত ব্রার, কাগিসো রাবাডা/ন্যাথান এলিস, রাহুল চাহার, আর্শদীপ সিং।
হেড-টু-হেড
ম্যাচ – ২৯ | মুম্বাই ইন্ডিয়ান্স – ১৫ | পাঞ্জাব কিংস – ১৪
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ