আইপিএল ২০২৩, ম্যাচ ১০: এলএসজি বনাম এসআরএইচ, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

দুটি দলই তাদের আগের ম্যাচে পরাজিত হয়েছিল

Lucknow Super Giants
Lucknow Super Giants. (Photo Source: IPL/BCCI)

প্রথম ম্যাচে জিতলেও লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) আইপিএল ২০২৩-এ তাদের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে এবং চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১২ রানের হারের সম্মুখীন হয়েছে। আগামী ৭ই এপ্রিল, শুক্রবার, তাদের দ্বিতীয় হোম ম্যাচে এলএসজি মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)-এর। হায়দ্রাবাদের ফ্র্যাঞ্চাইজি এখনও অবধি একটিই ম্যাচ খেলেছে এবং রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৭২ রানে হেরেছিল।

চেন্নাইয়ের বিরুদ্ধে ২১৮ রান তাড়া করতে নেমে এলএসজি ২০৫ রানে থমকে গিয়েছিল। ম্যাচ হারলেও ওপেনার কাইল মেয়ার্সের ফর্ম দেখে ম্যানেজমেন্ট সন্তুষ্ট থাকবে কারণ ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার পরপর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন। ম্যানেজমেন্টের খুশি হওয়ার আরও একটি কারণ রয়েছে – জাতীয় দলের হয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ সম্পূর্ণ করে স্কোয়াডে যোগ দিয়েছেন কুইন্টন ডি কক।

মিনি-নিলামে এসআরএইচ বেশ কিছু তারকা খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করলেও মরসুমের প্রথম ম্যাচে দলকে একেবারেই ছন্দে দেখায়নি। ১৩.২৫ কোটি টাকা দিয়ে কেনা হ্যারি ব্রুক আইপিএল অভিষেকে ২১ বল খেলে মাত্র ১৩ রান করেছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ওডিআই সিরিজ শেষ করে ভারতে এসে নিয়মিত অধিনায়ক এইডেন মার্করাম স্কোয়াডে যোগ দেওয়ায় বলিষ্ঠ হবে সানরাইজার্স হায়দ্রাবাদ। এ ছাড়া যোগ দিয়েছেন মার্কো য়্যানসেন ও হাইনরিখ ক্লাসেন।

পিচ কন্ডিশন

লখনউয়ের পিচ ধীর বোলারদের জন্য সুবিধাজনক হবে। তবে ক্রিজে বেশ কিছুটা সময় ব্যয় করতে পারলে ব্যাটারের জন্য ব্যাটিং সহজ হয়ে আসবে। ১৭০-এর কাছাকাছি স্কোর করতে পারলে লড়াই করা যাবে। টসজয়ী অধিনায়ক প্রথমে ব্যাটিংয়ের কথা ভাবতে পারেন।

উভয় দলের কম্বিনেশন

লখনউ সুপার জায়ান্টস

ডি কককে সম্ভবত এলএসজির একাদশে ফেরানো হবে এবং তাঁকে তাঁর পরিচিত ওপেনিং পজিশনে খেলানো হলে, অধিনায়ক কেএল রাহুল তিন নম্বরে নেমে আসতে পারেন। ডি ককের অন্তর্ভুক্তির ফলে বাদ যেতে পারেন মার্কাস স্টইনিস। এ ছাড়া বাকী একাদশে উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

সম্ভাব্য একাদশ: কাইল মেয়ার্স, কুইন্টন ডি কক (উইকেটকিপার), কেএল রাহুল (অধিনায়ক), দীপক হুডা, নিকোলাস পুরান, আয়ূষ বাদোনি, ক্রূণাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌথাম, মার্ক উড, রবি বিষ্ণোই, আভেশ খান।

সানরাইজার্স হায়দ্রাবাদ

দক্ষিণ আফ্রিকার বিদেশীরা ফিরে আসায় একাদশে বেশ কিছু বদল হবে। অস্থায়ী অধিনায়ক ভুবনেশ্বর কুমারের কাছ থেকে নেতৃত্বের ভার নিজের কাঁধে তুলে নেবেন মার্করাম। ব্যাটিংকে দৃঢ় করার জন্য ক্লাসেনকে একাদশে রাখা হতে পারে। সেক্ষেত্রে বাদ যাবেন ব্রুক ও লেগ-স্পিনার আদিল রশিদ।

সম্ভাব্য একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), গ্লেন ফিলিপ্স, হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, ফজলহক ফারুকী, টি নটরাজন।

হেড-টু-হেড

ম্যাচ – ১ | লখনউ সুপার জায়ান্টস – ১ | সানরাইজার্স হায়দ্রাবাদ – ০

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

close whatsapp