রোহিতের ফিটনেসের কথা ভেবে পিছিয়ে গেল ওডিআই দল নির্বাচন

চোট পাওয়া বাকি দুই ক্রিকেটার জাডেজা ও অক্ষর ওয়ানডে সিরিজের আগে ফিট হচ্ছেন না

Rohit Sharma
Rohit Sharma. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড নির্বাচন স্থগিত করা হয়েছে। ভারতের নতুন সাদা বলের অধিনায়ক রোহিত শর্মার ফিটনেস নিয়ে এখনও কোনও নিশ্চয়তা না থাকায় এই মাসের শেষের দিকে ওডিআই দল নির্বাচন করা হতে পারে। টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকায় যাওয়ার ঠিক আগে হ্যামস্ট্রিং চোটের কারণে রোহিত সিরিজ থেকে ছিটকে যান এবং তিনি বর্তমানে এনসিএতে পুনর্বাসনের মধ্যে আছেন। 

বিজয় হাজারে ট্রফি শেষ হওয়ার পরপরই নির্বাচকরা মিলিত হয়ে দল বাছাই করবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু মনে হচ্ছে সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে রোহিতের আরও কিছু সময় লাগবে। এখন মনে হচ্ছে যে যদি রোহিত এই সিরিজে অংশ নিতে না পারেন, তবে কেএল রাহুল দক্ষিণ আফ্রিকার ওয়ানডেতে অধিনায়ক হিসাবে দায়িত্ব নেবেন।

বিসিসিআইয়ের একজন কর্মকর্তা স্কোয়াড নির্বাচন বিলম্বিত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি আরও জানান যে অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা এবং অক্ষর প্যাটেল উভয়ই নির্বাচনের জন্য অনুপলব্ধ। “প্রথম টেস্টের পর দল নির্বাচনের বৈঠক হবে। এটি ৩০ বা ৩১শে ডিসেম্বর হতে পারে তবে বিসিসিআই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। রোহিত ফিট হওয়ার জন্য সমস্ত চেষ্টা করছেন কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট অন্যান্য চোটের থেকে একটু আলাদা। 

“এটা জানা গেছে যে রবীন্দ্র জাডেজা এবং অক্ষর প্যাটেল নির্বাচনের জন্য অনুপলব্ধ। রোহিত সম্পর্কে নির্বাচনের তারিখের কাছাকাছি একটি সিদ্ধান্ত নেওয়া হবে,” ফার্স্টপোস্ট  অনুসারে ওই আধিকারিক বলেছেন।

ওডিআই দল নির্বাচন: সুযোগ পেতে পারেন ভেঙ্কটেশ, রুতুরাজ, শাহরুখ

পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও রোহিত শর্মাকে নেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ প্রথম ওয়ানডে ১৯শে জানুয়ারী, যেটি এখনও তিন সপ্তাহ দূরে রয়েছে। সেই সময়ের আগে তাঁর ফিটনেস ফিরে পাওয়ার সুযোগ দেওয়া হবে। “এমনটা হতেই পারে যে রোহিত দল নির্বাচনের সময় ফিট নয় কিন্তু প্রথম ওয়ানডে এখনও তিন সপ্তাহ বাকি, তাই তিনি দলে ফিট হয়ে ফিরে আসার জন্য যথেষ্ট সময় পেতে পারেন এবং তারিখের কাছাকাছি পূর্ণ ফিটনেস ফিরে পেতে পারেন,” সেই কর্মকর্তা আরও জানিয়েছেন।

“সেক্ষেত্রে, তাঁকে ফিটনেস সাপেক্ষে নির্বাচিত করা যেতে পারে। এগুলি এমন জিনিস যা নির্বাচকদের চেয়ারম্যান চেতন শর্মাকে ভাবা দরকার,” কর্মকর্তা আরও বলেছিলেন। বিজয় হাজারে ট্রফিতে স্বপ্নের ফর্মে থাকা রতুরাজ গায়কওয়াড় এবং ভেঙ্কটেশ আইয়ারকে বাছাই করা হতে পারে এবং ওই টুর্নামেন্টে  খারাপ ফর্ম থাকা সত্ত্বেও ওপেনার শিখর ধাওয়ানকেও দলে রেখে দেওয়ার সম্ভাবনা আছে।

সাম্প্রতিক ঘরোয়া ওয়ান-ডে টুর্নামেন্টে তাঁর দুর্দান্ত হিটিং দক্ষতার জন্য শাহরুখ খানের নাম আলোচিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। 

close whatsapp