এখনও অনেক সেরা পারফরম্যান্স আসা বাকি তাঁর, জানালেন শার্দূল ঠাকুর

Shardul Thakur
Shardul Thakur. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

২০১৮ সালে অভিষেক টেস্টের মঞ্চেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল শার্দূল ঠাকুরকে। শুরুটা একেবারেই ভাল হয়নি। তাঁকে নিয়ে সমালোচনাও যেমন হয়েছিল। তেমনই তাঁর টেস্ট ভবিষ্যত নিয়েও নানান কথা শোনা গিয়েছিল প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের মুখে। শার্দূলও তেমনভাবে নিজেকে প্রমান করতে পারছিলেন না। অবশেষে তিনি সফল। তাও আবার দেশের মাটিতে নয়। নিজের যোগ্যতা প্রমান করলেন বিদেশের মাটিতে। একাই সাত উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে। সাফল্য আসলেও, এখনও নাকি সেরা পারফরম্যান্সটা বাকি রয়েছে তাঁর।

ভারতীয় ক্রিকেটে সবসময়ই একটা কথা শোনা যায়। ঘরের মাঠে দুরন্ত পারফরম্যান্স দেখালেও, ক্রিকেটারের আসল পরীক্ষা নাকি হয় বিদেশের মাটিতে। বিশেষ করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতেই নাকি ক্রিকেটারের আসল যোগ্যতা প্রমান হয়। আর সেই পরীক্ষায় শার্দূল ঠাকুর ফুল মার্কস পেয়ে পাশ করে গিয়েছেন। মাত্র ৬১ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন তিনি।

আর সেইসঙ্গেই জোহানেসবার্গে দাঁড়িয়ে কেরিয়ারের নতুন রেকর্ডের মালিকও হয়ে গিয়েছেন তিনি। ওয়ান্ডারার্সে এতদিন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট ছিল অনিল কুম্বলের। এক ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। সেটাই এতদিন জোহানেসবার্গে কোনও ভারতীয়ের সর্বোচ্চ ছিল। মঙ্গলবার সেই সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন শা্দূল ঠাকুর। ৬১ রান দিয়ে একাই নিয়েছেন ৭ উইকেট। জোহানেসবার্গের মঞ্চে সেটাই এখন সর্বোচ্চ।

কিন্তু শার্দূল ঠাকুর কী এই পারফরম্যান্সে খুশি। তাঁর টেস্ট কেরিয়ারে এখনও পর্যন্ত এটাই সেরা পারফরম্যান্স। এমন পারফরম্যান্সে খুশি তো তিনি হবেনই। কিন্তু এটতুটুকুতেই থেমে থাকতে চাননা ভারতের এই তারকা ক্রিকেটার। ম্যাচ শেষে তাই তো জানিয়ে দিয়েছিলেন, ‘এই সেরা পারফরম্যান্স নিয়ে অবশ্যই আমি খুশি। তবে আরও অনেক সেরা পারফরম্যান্স আসা বাকি রয়েছে’।

অর্থাত্ শার্দূলের আত্মবিশ্বাস যে এখন অনেকটাই বেড়ে গিয়েছে তা বেশ স্পষ্ট। ৭ উইকেট পেলেও, তাঁর খিদে এতটুকুতেই কমবে না। বরং বলা যায় উইকেট শিকারের খিদেটা বোধহয় শার্দূলের আরও একটু বেড়ে গিয়েছে। আর সেটাই ম্যাচ শেষে শার্দূল ঠাকুরের কথা থেকে। ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটে শার্দূলকে নিয়ে হৈচৈ পড়ে গিয়েছে।

দক্ষিণ আফ্রিকার তাবড় তাবড় ব্যাটসম্যান এলগার, ফার ডার ডাসেন, কিগান পিটারসনদের মতো ক্রিকেটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। সুনীল গাভাস্কার থেকে মহম্মদ কাইফ, ওয়াসিম জাফরদের মতো প্রাক্তনরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। এখন দেখার ভবিষ্যতে শার্দূল ঠাকুরের থেকে আর কী কী চমক দেখা যায়।

close whatsapp