শুভমন গিলের বর্তমান ফর্ম নিয়ে মুখ খুললেন আরপি সিং
আপডেট করা - Aug 12, 2023 2:21 pm

এই মুহূর্তে রোভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ব্যস্ত ভারত। এই মুহূর্তে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল। ১২ই আগস্ট, শনিবার, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ব্রওয়ার্ড কাউন্টি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচটি খেলতে নামবে ভারতীয় দল।
চলতি সিরিজের প্ৰথম দুটি ম্যাচে পরাজয়ের মুখোমুখি হয়েছিল ভারত। এরপর তৃতীয় টি-২০ ম্যাচে কামব্যাক করেছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল। নিজের অভিষেক সিরিজে এখনও পর্যন্ত খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছেন তিলক ভার্মা। কিন্তু প্রতিভাবান ভারতীয় ব্যাটার শুভমন গিল এই সিরিজে খুব বেশি রান করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচে তিনি ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন। এছাড়া বাকি একদিনের ম্যাচগুলিতে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাকে চেনা ছন্দে দেখতে পাওয়া যায়নি। সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আরপি সিং শুভমন গিলের ফর্ম নিয়ে মুখ খুলেছেন।
জিও সিনেমার ক্রিকেট বিশেষজ্ঞ আরপি সিং বলেন, “আমি মনে করি ভারতীয় দল ইতিমধ্যেই শুভমান গিলকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে কারণ তিনি দীর্ঘ সময় ধরে বড় স্কোর করতে পারেননি। বাঁহাতি স্পিনারদের বিপক্ষেও বেশ কিছু ম্যাচে ভালো করতে পারেননি তিনি। পিচগুলি কিছুটা চ্যালেঞ্জিং, তাতে কোনো সন্দেহ নেই, তবে যেহেতু আপনি আন্তর্জাতিক স্তরে খেলছেন, সেহেতু আপনি বিভিন্ন ধরণের পিচের মুখোমুখি হবেন। এটা এমন নয় যে ভারতীয় পিচ সবসময় একই থাকবে এবং আপনাকে লাইন দিয়ে বড় শট খেলতে দেবে। তবে আমি মনে করি ভারতীয় দল সিদ্ধান্ত নিয়েছে যে শুভমন (গিল) ভবিষ্যতে রোহিত শর্মার সাথে ইনিংস শুরু করবেন।”
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন চতুর্থ টি-২০ ম্যাচের ব্যাপারে তিনি বলেন, “পরিবর্তনটি প্রাথমিকভাবে ব্যাটিং পদ্ধতিতে হওয়া উচিত কারণ ব্যাটিং আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক। সেই সাথে সাতজন ব্যাটসম্যান খেলছেন এবং যদি সেরা চার ব্যাটসম্যান কার্যকরভাবে পারফর্ম করে এবং তাদের মধ্যে একজন ১৮-১৯ তম ওভার পর্যন্ত থেকে যায় তাহলে ভারত সহজেই ম্যাচ জিতে যাবে। তাছাড়া ফ্লোরিডার পিচও ব্যাটিংয়ের জন্য অনুকূল।”
“আমি নিশ্চিত শুভমন ভালো খেলবেন” – অভিনব মুকুন্দ
অভিনব মুকুন্দ শুভমন গিলের উদ্দেশ্যে সময় নিয়ে খেলার পরামর্শ দিয়েছেন। তার মতে শুভমন ভালো পারফরম্যান্সের প্রদর্শন করবেন।
অভিনব মুকুন্দ বলেন, “এই সিরিজে শুভমন গিলের ফর্ম নিয়ে ভারতের একটু উদ্বিগ্ন হওয়া উচিত। কিন্তু তিনি একজন মানসম্পন্ন খেলোয়াড় এবং আমি নিশ্চিত তিনি এটা থেকে বেরোতে সক্ষম হবেন। আমার মনে হয় তিনি খুব বেশি তাড়াহুড়ো করছেন এবং তারপর আক্রমণাত্মক শট খেলে আউট হচ্ছেন।”
তিনি আরও বলেন, “দুর্ভাগ্যবশত শুভমন বড় স্কোর পাননি, তবে আমার মতে এটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই, কারণ আমরা আইপিএলে দেখেছি কিভাবে তিনি উন্নতি করেছেন এবং সেঞ্চুরি করতে সক্ষম হয়েছেন। অর্ডারের শীর্ষে ভারতের তার মতো একজন খেলোয়াড়কে দরকার। তিনি ইনিংস অ্যাঙ্কর করতে পারেন। আপনি একটু বেশি সময় নিন এবং নিজের সেরাটা দিন। আমি নিশ্চিত শুভমন ভালো খেলবেন।”