কন্যা সন্তানের বাবা হলেন ভারতীয় পেসার উমেশ যাদব
আপডেট করা - Mar 8, 2023 11:49 am

ভারতীয় দলের অন্যতম অভিজ্ঞ ভারতীয় পেসার কন্যা সন্তানের বাবা হওয়ার কথা জানিয়েছেন। তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই খুশির খবরটি তার ভক্তদের সাথে ভাগ করে নেন।
কিছুদিন আগেই উমেশ নিজের বাবাকে হারিয়েছেন। তার কন্যা সন্তানের জন্ম নেওয়া তাদের পরিবারের জন্য অবশ্যই খুব সুখের খবর। তিনি এই সুখবরের পাশাপাশি একটি গ্রাফিক্সও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন।
তিনি এই পোস্টটির ক্যাপশনে লেখেন, “কন্যা সন্তান পেয়ে ধন্য” এবং তারপরেই কমেন্টে তার ভক্তরা অভিনন্দন জানাতে শুরু করেন। বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে উমেশ বল হাতে সবাইকে মুগ্ধ করেছেন।
আহমেদাবাদ টেস্টে ভারতীয় দলের তুরুপের তাস হতে পারেন উমেশ যাদব
বর্ডার-গাভাস্কার ট্রফির প্ৰথম ২টি টেস্টে ভারত খুব ভালো পারফরম্যান্স করে। যার ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়েও যায় তারা। কিন্তু তারপরেই ইন্দোরের টেস্টে অসাধারণ কামব্যাক করে অস্ট্রেলিয়া দল। অস্ট্রেলিয়ার বোলিংয়ের দাপটে তৃতীয় টেস্টটি তৃতীয় দিনের প্রথম সেশনেই শেষ হয়ে যায়। এই টেস্ট জিতে সিরিজ ২-১ করে নেওয়ার পাশাপাশি প্রথমবারের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লুউটিসি) ফাইনালেও চলে যায় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার দুই স্পিনার নাথান লিয়ন এবং ম্যাথিউ কুহনিম্যান ভারতের ব্যাটিং বিভাগকে ধরাশায়ী করেছিলেন। তৃতীয় টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে ৮টি উইকেট নিয়েছিলেন লিয়ন। ম্যাচটিতে মোট ১১টি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও পান তিনি। অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টটি ৯ উইকেটে জিতেছিল। দলে বেশকিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়া এই পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয়। প্যাট কামিন্সের অবর্তমানে স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিয়েছিলেন। শেষ টেস্টেও দলকে তিনিই নেতৃত্ব দেবেন।
ভারতের প্ৰথম ইনিংস মাত্র ১০৯ রানে শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়া প্ৰথম ইনিংসে ১৯৭ রান করে। কিন্তু ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে অসফল হয়। তবে বল হাতে সফল ছিলেন ভারতের বোলাররা। অস্ট্রেলিয়ার প্ৰথম ইনিংসে রবীন্দ্র জাদেজা ৪টি এবং রবিচন্দ্রন অশ্বিন এবং উমেশ যাদব উভয়েই ৩টি করে উইকেট নেন।
উমেশ যাদবের দুর্দান্ত স্পেল তাকে ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক এবং টড মারফির উইকেট এনে দেয়। অস্ট্রেলিয়া এই ম্যাচটি জিতলেও ভারতের বোলিং বিভাগ দলকে আশাহত করেনি। শেষ টেস্টে উমেশ এবং বাকি বোলারদের কাছ থেকে এই ধারাবাহিকতাই আশা করবে ভারতীয় দল। চতুর্থ টেস্টটি ৯ই মার্চ থেকে শুরু হবে।