শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি শুরু রোহিতদের, প্রথম একাদশে ফেরার অপেক্ষায় জাদেজা
আপডেট করা - Feb 23, 2022 8:29 pm

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এখন অতীত। এবার ভারতের সামনে লক্ষ্য শ্রীলঙ্কা। তারই প্রস্তুতিতে নেমে পড়লেন রোহিত শর্মারা। মঙ্গলবার থেকেই শ্রীলঙ্কা বধের প্রস্তুতি শুরু ভারতীয় দলের। ধারেভারে শ্রীলঙ্কার থেকে অনেকটাই এগিয়ে ভারতীয় দল। তবুও কোনওরকম ঝুঁকি নিতে নারাজ টিম ইন্ডিয়া। মঙ্গলবার থেকেই তাই প্রথম একাদশ বাছার কাজটা শুরু করে দিলেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়। চোট কাটিয়ে বহুদিন পর ভারতীয় দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। শ্রীলঙ্কার বিরুদ্ধেই প্রথম একাদশে ফিরতে চলেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলার মাঝেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি ও টেস্ট সিরিজের দল ঘোষণা করেছিল ভারত। সম্ভাবনা মতোই শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে রয়েছে বেশকিছু তরুণ ক্রিকেটারের নাম। বিশ্বকাপের আগে এখন থেকেই দল নিয়ে নানান পরীক্ষা নীরিক্ষাটা করে ফেলতে চাইছে টিম ইন্ডিয়া। আগামী ২৪ ফেব্রুয়ারী থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে ভারত।
জয়ের ধারা অব্যহত রাখতে মরিয়া টিম ইন্ডিয়া। কোনওরকম খামতি রাখতে চাননা রাহুল দ্রাবিড় থেকে রোহিত শর্মা দুজনই। এই সিরিজে বিরাট কোহলি ও ঋষভ পন্থ নেই। অর্থাত্ উইকেট কিপারের দায়িত্ব যে ইসান কিষাণের ওপরই থাকবে তা বলাই বাহুল্য। প্রথম ম্যাচেই সঞ্জু স্যামসনের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। অন্তত রাহুল দ্রাবিড়ের ইঙ্গিত তো এমনই।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের মহড়া শুরু টিম ইন্ডিয়ার
অন্যদিকে চোটের জন্য দক্ষিণ আফ্রিকা থেকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা। তবে এখন তিনি পুরোপুুরি ফিট। শ্রীলঙ্কার বিরুদ্ধেই হয়ত ভারতীয় দলের প্রথম একাদশে ফিরতে চলেছেন তিনি। তবে কার জায়গায় রবীন্দ্র জাদেজা খেলবেন তা নিয়েই চলছে খানিকটা জল্পনা। দলের লোয়ার অর্ডার ব্যাটিং পজিশনে খেলেন রবীন্দ্র জাদেজা।
কার জায়গায় তাঁকে খেলানো হবে এই দুদিন ধরে সেটাই দেখে নিতে চাইছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। ভেঙ্কটেশ আইয়ার দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে নিজের জায়গা কার্যত পাকা করে ফেলেছেন এই সিরিজে। সেক্ষেত্রে দুজনের নামই ঘোরাফেরা করছে। রবি বিষ্ণোই অথবা হর্শাল পটেলের জায়গায় খেলানো হতে পারে রবীন্দ্র জাদেজা। তবে স্পিনার হওয়ার জন্য বিষ্ণোইয়ের জায়গাতেই তাঁর খেলার সম্ভাবনা বেশী।
অন্যদিকে মঙ্গলবারউ লখনউয়ে পৌঁছলেন দানুসা সনাকারা। তবে এদিনই প্রস্তুতিতে হয়ত নামতে পারবেন না তারা। একেবারেই ম্যাচের আগের দিন বুধবারই প্রস্তুতিতে নামবে শ্রীলঙ্কা বাহিনী। সদ্য অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরে ফিরেছে তারা। ভারতের মাটিতে তাদের প্রথম টি টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কা জিততে পারে কিনা সেটাই এখন দেখার।