অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে ভারত, প্রথমবার সুযোগ পেলেন ঈশান কিষান
চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকার পরে প্রত্যাবর্তন করেছেন রবীন্দ্র জাডেজা
আপডেট করা - Jan 14, 2023 3:17 pm

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। বুড়ো আঙুলের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট সিরিজ থেকে বাদ যাওয়ার পরে দলের অধিনায়কত্বে ফিরে আসছেন রোহিত শর্মা। ৯ই ফেব্রুয়ারি নাগপুরে শুরু হওয়া চার ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হওয়ার পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজিত হবে।
ভয়াবহ দুর্ঘটনার শিকার হওয়া ভারতের টেস্ট দলের নিয়মিত উইকেটকিপার ঋষভ পান্ত স্কোয়াডে না থাকায় তরুণ উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষানকে প্রথমবারের জন্য ভারতের টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, টি-২০তে সেরা ফর্মে থাকা সূর্যকুমার যাদবকেও টেস্ট স্কোয়াডে রাখা হয়েছে।
প্রত্যাবর্তন হয়েছে রবীন্দ্র জাডেজার
তারকা পেসার জসপ্রিত বুমরাহ্ পিঠের চোট থেকে এখনও সেরে না ওঠায় স্কোয়াডে জায়গা পাননি। ভারতের বাংলাদেশ সফরে বারো বছর পরে টেস্ট দলে ফেরা জয়দেব উনাদকাট স্কোয়াডে তাঁর জায়গা ধরে রেখেছেন। তিনি ছাড়া প্রথম দুই টেস্টের জন্য ভারতের পেস বিভাগে থাকছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও উমেশ যাদব।
এশিয়া কাপ ২০২২-এর পর থেকে জাতীয় দলের বাইরে থাকা রবীন্দ্র জাডেজাকে স্কোয়াডে যোগ করা হয়েছে। ২০২২-এর জুলাইয়ে শেষবার টেস্ট ফর্ম্যাটে খেলেছিলেন জাডেজা। বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের সিনিয়র স্পিনার হিসেবে থাকছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর পাশাপাশি অন্যান্য বিকল্প হিসেবে রয়েছেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব।
ঝাড়খণ্ডের হয়ে খেলা ঈশান গত মাসে রঞ্জি ট্রফি ২০২২-২৩-এর ম্যাচে কেরালার বিরুদ্ধে শতরান করেছিলেন। তিনি এখনও পর্যন্ত ৬টি শতরান এবং ১৬টি অর্ধশতক করেছেন ৪৮টি প্রথম-শ্রেণীর ম্যাচে। ৩৮.৭৬ গড়ে ২৯৮৫ রান করেছেন তিনি। এদিকে, সূর্যকুমার মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটেও তাঁর দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছেন। রঞ্জি ট্রফির তিন ইনিংসে ৭৪.৩৩ গড়ে ২২৩ রান করেছেন।
নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যক্তিগত কারণে না থাকলেও কেএল রাহুল টেস্ট স্কোয়াডের সহ-অধিনায়কত্বে ফিরে আসবেন। এ ছাড়া টেস্ট দলের বাকী নিয়মিত ব্যাটার চেতেশ্বর পূজারা ও শ্রেয়াস আইয়ার তাঁদের জায়গা ধরে রেখেছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, সূর্যকুমার যাদব।