প্রথম একাদশের টেস্ট কি অজিদের বিরুদ্ধেই করে নেবে টিম ইন্ডিয়া?
আপডেট করা - Oct 20, 2021 10:50 am

টি ২০ বিশ্বকাপে ভারতের টিম কম্বিনেশন কী হবে? এটাই এখন সবচেয়ে চর্চিত বিষয়। ইতিমধ্যেই ভারত অধিনায়ক বিরাট কোহলি টিম ইন্ডিয়ার ওপেনিং কম্বিনেশন নিয়ে স্পষ্ট কথা জানিয়ে দিয়েছেন। বিরাটের বক্তব্য, ‘আইপিএলের আগে পরিস্থিতি ভিন্ন ছিল। বর্তমানে রাহুল ব্যতীত ওপেনিং পজিশনে অন্য কারুর দিকে তাকানোটা প্রায় অসম্ভব। রোহিতের বিষয়ে আলাদা করে কিছুই বলার নেই। বিশ্বমানের ক্রিকেটার ও এবং টপ অর্ডারে দারুণ পারফর্ম করে আসছে। আমি তিন নম্বরে ব্যাট করব। এখন আপাতত আমি এইটুকুই জানাতে পারব।’ ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪ বলে ৫১ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে রাহুল কিন্তু প্রমাণ করে দেন, তাঁর ওপেনিং করা নিয়ে সত্যিই কোন প্রশ্ন থাকতে পারে না।
তবে ওভারঅল টিম কম্বিনেশন কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা চলছে। তাহলে কি আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম ম্যাচে প্রথম একাদশের পরীক্ষা করিয়ে নিতে পারে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট? সেই নিয়েও চলছে আলোচনা। বিরাট এবং সূর্যকুমারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি হার্দিক পাণ্ডিয়াও রয়েছে স্ক্যানারের তলায়। তিনি প্রথম প্রস্তুতি ম্যাচে বল করেননি। ব্যাট করারও সে ভাবে সুযোগ পাননি। মাত্র ১০ বল খেলার সুযোগ পেয়েছিলেন হার্দিক। করেছিলেন ১২ রান।
ভূবনেশ্বর কুমার নজর কাড়তে পারেননি। মহম্মদ সামি রান দিলেও গুরুত্বপূর্ণ ৩ উইকেট তুলে নিয়েছিলেন। জসপ্রীত বুমরাহ নিজের ছন্দেই ছিলেন। তবে রবিচন্দ্রন অশ্বিন বা রাহুল চাহার সে ভাবে চেনা ছন্দে ছিলেন না। এ দিকে বরুণ চক্রবর্তীকে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলানো হয়নি। তাঁকে সুযোগ দেওয়া হতে পারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে। এ ছাড়াও সুযোগ পেতে পারেন রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মারা। এঁরা কেউই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলেননি।