“ভারতীয় দল ফিল্ডিংয়ের ক্ষেত্রে শীর্ষস্থানীয় কোনও দলের সমকক্ষ নয়” – ক্ষোভ প্রকাশ করলেন রবি শাস্ত্রী
সাবধান করে দিয়ে প্রাক্তন কোচ বলেছেন, "বড় ধরনের উন্নতির প্রয়োজন আছে"
আপডেট করা - Sep 21, 2022 10:58 am

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের সাধারণ মানের ফিল্ডিং দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রীর সমালোচনা এড়াতে পারেনি। মঙ্গলবার, ২০শে সেপ্টেম্বর, প্রথমে ব্যাট করার পরে ২০৮ রানের বিশাল স্কোর সংগ্রহ করা সত্ত্বেও, ভারত সফরকারীদের আটকাতে পারেনি। মোহালির পিসিএ স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেছিল অজিরা।
অস্ট্রেলিয়া ম্যাচ জেতার পরে, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বোলারদের সমালোচনা করেছিলেন এবং তাঁর হতাশা প্রকাশ করে বলেছেন যে বোলিং আক্রমণ ছন্দে ছিল না। ভারতের অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার চার ওভারের স্পেলে ৫২ রান দেন, যেখানে হর্ষল প্যাটেল ৪৯ রান দেন। শুধুমাত্র অক্ষর প্যাটেল ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে কিছুটা মান রক্ষা করেছিলেন।
“আপনি যদি বছরের পর বছর ধরে সমস্ত শীর্ষ ভারতীয় দলের দিকে তাকান, সেখানে তারুণ্য এবং অভিজ্ঞতা রয়েছে। আমি এখানে তরুণদের অনুপস্থিতি দেখতে পাই এবং তাই এমন ফিল্ডিং। আপনি যদি গত পাঁচ-ছয় বছরের দিকে তাকান, ফিল্ডিং অনুসারে, আমি মনে করি এই দলটি ফিল্ডিংয়ের ক্ষেত্রে শীর্ষস্থানীয় কোনও দলের সমকক্ষ নয়। এবং এটি বড় টুর্নামেন্টে প্রবলভাবে আঘাত করতে পারে,” শাস্ত্রী ম্যাচের পরে স্টার স্পোর্টসে বলেছেন।
“কোথায় সেই এক্স-ফ্যাক্টর?” – প্রশ্ন তুলেছেন শাস্ত্রী
শাস্ত্রী আরও আলোচনা করেছেন যে কীভাবে কোন দলের ফিল্ডিং অন্য দলের ব্যাটিংকে প্রভাবিত করে। ফিল্ডিং ভালো হলে স্বাভাবিকভাবেই চাপ পড়ে রানের গতি বৃদ্ধি করার। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত মোট তিনটি ক্যাচ মিস করেছিল, যার মধ্যে দুটি ছিল ক্যামেরন গ্রিন ও ম্যাথিউ ওয়েডের, যে দুজন অস্ট্রেলিয়ার জয়ের পিছনে প্রধান চালিকা শক্তি ছিল।
“এর মানে হল যে ব্যাটিং দল হিসাবে আপনাকে ম্যাচের পর ম্যাচে ১৫-২০ রান বেশী করতে হবে। আপনি যদি মাঠের চারপাশে তাকান, তাহলে উজ্জ্বলতা কোথায়? জাডেজা নেই। কোথায় সেই এক্স-ফ্যাক্টর? আজ আমি সবচেয়ে হতাশ হয়েছি ফিল্ডিংয়ের মান দেখে। আমি বলতে চাইছি যে ফিল্ডিং নড়বড়ে দেখাচ্ছে এবং আমি মনে করি যদি বড় প্রতিযোগিতায় বড় দলকে হারাতে হয় তা হলে ফিল্ডিংয়ের ক্ষেত্রে বড় ধরনের উন্নতির প্রয়োজন আছে,” তিনি আরও বলেছেন।