নিজেদের পাতা ফাঁদের শিকার ভারত, প্রথম সেশনেই ৭ উইকেট পড়ল
অস্ট্রেলিয়ার স্পিনারদের সামনে নাজেহাল অবস্থা ভারতীয় ব্যাটিং লাইন-আপের
আপডেট করা - Mar 1, 2023 12:13 pm

নিজেদের তৈরী করা ফাঁদেই কি তবে পড়তে হল ভারতীয় দলকে! নাগপুর ও দিল্লিতে আয়োজিত প্রথম দুটি টেস্টের পিচ স্পিন-সহায়ক হলেও প্রথম সেশনে পেসাররাই বেশী প্রভাব বিস্তার করেছিলেন। কিন্তু ইন্দোরে আয়োজিত তৃতীয় টেস্টের প্রথম সেশন থেকেই স্পিনাররা যেভাবে দাপট দেখাল তাতে বলা যায় এই টেস্টটি স্পিনারদের জন্য অত্যন্ত সুখকর হতে চলেছে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান নেন এবং ভারত ঝোড়ো গতিতে ইনিংস শুরু করেছিল।
ইনিংসের শুরুতে মিচেল স্টার্কের প্রথম ওভারে দুবার আউট হতে হতে বেঁচে যান রোহিত। আম্পায়ার দুটি আবেদনই নাকচ করে দেন এবং ডিআরএসের সুবিধা নিলে দুটি ক্ষেত্রেই আউট হতেন রোহিত। তবে অস্থায়ী অধিনায়ক স্টিভ স্মিথ রিভিউয়ের সিদ্ধান্ত না নেওয়ায় অস্ট্রেলিয়া সুবর্ণ সুযোগ হারায়। যতক্ষণ পেসাররা আক্রমণে ছিলেন, ভারত পাঁচের বেশী রান রেটে রান করতে থাকে। তবে বাঁ-হাতি স্পিনার ম্যাথিউ কুহ্নেমান আক্রমণে আসতেই ভারতের বিপর্যয়ের শুরু।
কুহ্নেমানের ওভারের ষষ্ঠ বলে স্টেপ আউট করতে গিয়ে রোহিত স্টাম্পড হন ১২ রানে। এরপরের ওভারে কুহ্নেমান ড্রেসিং রুমে ফেরান ভারতের একাদশে প্রত্যাবর্তন করা শুবমান গিলকে। গিল আগ্রাসী ব্যাটিং করলেও স্পিনারের বলে ডিফেন্স করতে গিয়ে ২১ রানে আউট হন ফার্স্ট স্লিপের হাতে ক্যাচ দিয়ে। কুহ্নেমান প্রথম দুই ওভারে দুটি উইকেট নিয়ে নেওয়ার পরে অস্ট্রেলিয়া দুই প্রান্ত থেকেই স্পিন আক্রমণ শুরু করে।
ইনিংসের সর্বোচ্চ স্কোর বিরাট কোহলির ২২ রান
ন্যাথান লায়ন তাঁর প্রথম ওভারেই উইকেট পান চেতেশ্বর পূজারার। সাধারণত স্পিনারদের মোকাবিলায় ফুটওয়ার্কের অসাধারণ ব্যবহার করা পূজারা অফ স্পিনারের একটি মারাত্মক টার্ন করা ডেলিভারি টার্নের বিরুদ্ধে খেলতে গিয়ে মিডল স্টাম্প হারান। ১ রানে পূজারা আউট হওয়ার পরে রবীন্দ্র জাডেজা ও বিরাট কোহলি পার্টনারশিপ গড়ার চেষ্টা করলেও পিচের মন্থরতার কারণে জাডেজা লায়নের একটি শটে ঠিকমত টাইমিং করতে পারেননি এবং শর্ট কভারের হাতে ক্যাচ দিয়ে বসেন।
জাডেজা ৪ রানের বেশী করতে পারেননি এবং ছয়ে ব্যাটিং করতে নামা শ্রেয়াস আইয়ারের থেকে একটি তাৎপর্যপূর্ণ ইনিংসের আশা থাকলেও, তাঁরও অন্তিম সময় উপস্থিত হয় পিচের মন্থরতার কারণেই। অফ স্টাম্পের একটি বল কাট করতে গিয়ে শ্রেয়াসের ব্যাটের ইনসাইড এজে লাগে এবং শ্রেয়াস ডাকে আউট হন।
ক্রিজের একপ্রান্ত ধরে থেকে বিরাট কোহলি রান করে যেতে থাকেন। পিচের টার্ন বা মন্থরতা বয়, কোহলির পতন হয় বল পড়ে নীচু হয়ে যাওয়ার কারণে। একটি ফুল লেংথ ডেলিভারি ফ্রন্টফুটে খেলতে গেলে বলটি কোহলির ব্যাট এড়িয়ে প্যাডে লাগে এবং তিনি এলবিডাব্লিউ আউট হন। ২২ রান করে কোহলি এখনও অবধি ইনিংসের সর্বোচ্চ স্কোরার।
লাঞ্চ বিরতির ঠিক আগে শ্রীকার ভরতও এলবিডাব্লিউ হন। আম্পায়ার আবেদন নাকচ করে দেওয়ার পরে অস্ট্রেলিয়া এবার আর কোনো ভুল করেনি এবং ডিআরএস নেয়। হক-আইতে দেখা যায় বল মিডল ও লেগ স্টাম্পের কাছাকাছি লাগছে। ১৭ রানে ভরত আউট হওয়ার পরে বাকী সময়টা অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন সামলে দেন। লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ৮৪/৭। তিনটি করে উইকেট কুহ্নেমান ও লায়নের।