“আমাকে ছাড়া যেন অন্য কাউকে বাছাই করার কথা না ভাবা হয়” – কেরিয়ারে অভাবনীয় অগ্রগতির প্রসঙ্গে তেওয়াটিয়া
কীভাবে এতটা রূপান্তরিত হল তাঁর খেলা, জানালেন তেওয়াটিয়া
আপডেট করা - May 11, 2023 5:22 pm

গুজরাত টাইটান্স (জিটি) অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়া আইপিএলে তাঁর যাত্রা এবং ক্যারিয়ারে এখনও পর্যন্ত যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন তা নিয়ে সম্প্রতি আলোচনা করেছেন। ২০১৪-তে বিস্ফোরক ব্যাটারের আইপিএলে আত্মপ্রকাশ হয়েছিল রাজস্থান রয়্যালসের হয়ে। তবে দীর্ঘ কয়েক বছর প্রচারের আলোর বাইরে ছিলেন তিনি। আইপিএল ২০২০-তে রয়্যালসের হয়ে খেলার সময়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে শেলডন কট্রেলের এক ওভারে পাঁচটি ছক্কা মারার পরে তেওয়াটিয়া রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন।
২৯ বছর বয়সী অলরাউন্ডার প্রকাশ করেছেন যে ২০১৭-১৮ মরসুমে, সৈয়দ মুশতাক আলি ট্রফিতে খেলার সময়ে পরে তিনি একটি দৃঢ় মানসিকতা গড়ে তুলতে শুরু করেছিলেন। সেই ঘরোয়া মরসুমে মাত্র পাঁচ ইনিংসে ৪১.৬৭ গড়ে ১২৫ রান করেছিলেন তেওয়াটিয়া।
আমাকে একজন প্রধান খেলোয়াড়ের মতো খেলতে হবে: রাহুল তেওয়াটিয়া
“আমি ২০১৭-১৮ সালে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে যেভাবে পারফর্ম করেছিলাম, তারপরে আমার মনে হয়েছিল আমি যদি এভাবেই আগের আইপিএল মরসুমগুলিতে একই মানসিকতা রাখতাম। ২০১৪-তে রাজস্থান রয়্যালস আমাকে প্রথমবার বাছাই করেছিল। আমি অভিজ্ঞতা অর্জন করেছিলাম এবং সন্তুষ্ট ছিলাম। কিন্তু ২০১৫-তে আমি মাত্র একটি ম্যাচ খেলেছিলাম এবং ২১০৬-তে আমি নিলামে অবিক্রিত ছিলাম। ২০১৮-তে আমার যে মানসিকতা ছিল তা যদি আগেও থাকত, এটি আমাকে তিন থেকে চার বছর আগে থেকে আরও ভালো ক্রিকেট খেলতে সাহায্য করত,” দ্যা ক্রিকেট মান্থলির সঙ্গে একটি সাক্ষাৎকারে তেওয়াটিয়া বলেছেন।
“২০১৮-তে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে দলের প্রধান খেলোয়াড়ের মতো আমাকে খেলতে হবে। আমার দলে থাকা এবং তারপরেই দলের বাইরে চলে যাওয়ার পরিস্থিতি হওয়া উচিৎ নয়। যখন দল বাছাই করা হবে, তখন যেন আমাকে ছাড়া অন্য কাউকে বাছাই করার কথা না ভাবা হয়। আমার নাম একাদশে থাকতে হবে। আমাকে একজন প্রধান খেলোয়াড়ের মতো খেলতে হবে,” তিনি যোগ করেছেন।
২০২০-তে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে এক ওভারে পাঁচটি ছক্কাসহ তাঁর ৩১ বলে ৫৩ রানের ইনিংস সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তেওয়াটিয়া প্রকাশ করেছেন যে তিনি দ্বিধায় ছিলেন এবং ছয় বলে ছয়টি ছয় মারার জন্য তাঁর ১০০ শতাংশ দেননি।
“সে সময় আমার মাথায় কী চলছিল তা আমি জানি না। আমি এখন ভাবি কীভাবে আমি ছয় বলে ছটা ছক্কা মারিনি! হয়ত আমি দ্বিধায় ছিলাম কোন শট খেলব তা নিয়ে এবং আমার ১০০% দিতে পারিনি,” তিনি যোগ করেছেন।