ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া শিবিরে ট্রেভিস হেড ফিরবেন, মনে করছেন আকাশ চোপড়া
আপডেট করা - Feb 16, 2023 9:07 pm

ভারতের কাছে প্রথম ম্যাচে বিশ্রী হার হয়েছে অস্ট্রেলিয়ার। এক ইনিংস ও ১৩২ রানে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। নাগপুরের খারাপ স্মৃতি বুলে এখন দিল্লিতেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য রয়েছে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টেস্ট দল। সেখানেই অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার। তাঁর মতে গতম্যাচে ভারতের কাছে হারের মঞ্চ থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে ট্রেভিস হেডকেই দলে ফেরানো উচিত্ অস্ট্রেলিয়ার। তবেই ভারতের বিরুদ্ধে লড়াইয়ে ফেরার সম্ভাবনা অস্ট্রেলিয়ার থাকবে বলেই মনে করছেন আকাশ চোপড়া।
এই মুহূর্তে টেস্টের মঞ্চে অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন ট্রেভিস হেড। বিশেষ করে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ট্রেভিস হেডের পারফরম্যান্স ছিল দেখার মতো। তাঁর হাত ধরেই সিরিজ জিততে পেরেছিল অজি বাহিনী। কিন্তু ভারতের বিরুদ্ধে নেমে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচেই এক ইনিংস ও ১৩২ রানে হারতে হয়েছে অজিদের। সেই ম্যাচে ট্রেভিস হেডকে ছাড়াই মাঠে নামতে দেখা গিয়েছিল অস্ট্রেলিয়াকে।
প্রথম টেস্টে ট্রেভিস হেডকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া
প্রথম ম্যাচ হারের পর থেকেই অস্ট্রেলিয়ার দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল সকলে। ট্রেভিস হেডের না থাকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা। এবার সেি একই প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়াও। তাঁর মতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ট্রেভিস হেডকে খেলানোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে অস্ট্রেলিয়ার।
নিজস্ব ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “আমার মনে হয় এই ম্যাচে অস্ট্রেলিয়া ২ থেকে ৩টি পরিবর্তন করবে। চোট সারিয়ে ক্যামেরণ গ্রীণ এখন সুস্থ রয়েছেন, তিনি দলে ফিরতে পারেন। ট্রেভিস হেডের মতো ক্রিকেটারকে না খেলানোর ভুলটা যদি তারা নিজেরা বুঝতে পারে, সেক্ষেত্রে ট্রেভিস হেডকে অস্ট্রেলিয়া শিবিরে দেখার সম্ভাবনা প্রবল। অ্যাশটন আগারও খেলবেন। তবে বাদ যাবেন কারা”?
দিল্লিতে এখনও পর্যন্ত সাতটি টেস্টের মধ্যে মাত্র একটিতেই জিততে পেরেছে অস্ট্রেলিয়া। ১৯৫৯ সালে রিচি বেনোর নেতৃত্বে ভারতের বিরুদ্ধে মাত্র একটি টেস্ট জিততে পেরেছিল অস্ট্রেলিয়া। শেষবার এই মাঠে ২০১৩ সালে ভারতের বিরুদ্ধে নেমেছিল অজি বাহিনী। সেই টেস্টে ৮ উইকেটে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। এবারও শুরুটা খুব একটা ভাল হয়নি। ভারতের বিরকুদ্ধে দ্বিতীয় ম্যাচেই অস্ট্রেলিয়া শিবিরে ট্রেভিস হেডের প্রত্যাবর্তন হয় কিনা সেটাই এখন দেখার।