“২০৪৮-এ বাবর আজম পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে” – ভারতীয় কিংবদন্তীর অভাবনীয় ভবিষ্যদ্বাণী

টি-২০ বিশ্বকাপ ২০২২ ফাইনালে পাকিস্তান মুখোমুখি হবে ইংল্যান্ডের

Babar Azam
Babar Azam. (Photo by Matt King-ICC/ICC via Getty Images)

পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে জায়গা করে নিয়েছে। ক্রিকেট মহলের অনেকেই এখনও বিশ্বাস করে উঠতে পারেননি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা পাকিস্তান কীভাবে শিরোপা জয়ের লড়াই অবধি পৌঁছে গেল। বুধবার, ৯ই নভেম্বর, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম সেমি-ফাইনালে বাবর আজমের নেতৃত্বাধীন দল কেন উইলিয়ামসনের নিউ জিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে। তারা এখন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই প্রসঙ্গেই বাবর আজমকে নিয়ে ভারতের প্রাক্তন ওপেনার সুনীল গাভাস্কারের একটি মন্তব্য আলোচনায় উঠে এসেছে।

দ্বিতীয়বারের জন্য টি-২০ বিশ্বকাপ জয়ের সুযোগ পাকিস্তানের সামনে

যথাক্রমে ভারত ও জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ার পরে মনে হয়েছিল টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের অভিযান সুপার ১২তেই শেষ হতে চলেছে। তবে এখন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখা পাকিস্তানের সমর্থকরা অনেকেই এই অভিযানের সঙ্গে ১৯৯২ বিশ্বকাপের তুলনা টানছেন। ৫০ ওভারের ফর্ম্যাটের সেই বিশ্বকাপে ইমরান খানের নেতৃত্বাধীন দল এমসিজিতে ইংল্যান্ডকে হারিয়েই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। কাকতালীয় বলে মনে হলেও চলমান টুর্নামেন্টে পাকিস্তান ১৯৯২ বিশ্বকাপের সাফল্য পুনরাবৃত্ত করতেই পারে। 

৩০ বছর আগের বিশ্বকাপে মেন ইন গ্রিন সেমি-ফাইনালে কিউইদের পরাজিত করে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতেছিল। সেই সংস্করণে গ্রুপ পর্বে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান কিন্তু চ্যাম্পিয়ন না হয়ে দেশে ফেরেনি।  এই বিষয়ে কথা বলতে গিয়ে ভারতের প্রাক্তন ব্যাটিং কিংবদন্তী সুনীল গাভাস্কার বলেছেন পাকিস্তান যদি এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারে, তবে ইমরান খানের মতোই বাবর ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী হবেন।

“পাকিস্তান বিশ্বকাপ জিতলে, ২০৪৮ সালে বাবর আজম পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে,”  ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় সেমি-ফাইনালের আগে স্টার স্পোর্টস-এ ম্যাচ সংক্রান্ত আলোচনা সময় গাভাস্কার বলেছেন। তাঁর এই মন্তব্য শুনে বাকী ধারাভাষ্যকারদের মুখে হাসি দেখা গিয়েছিল৷

প্রসঙ্গত ইমরান খান পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন ২০১৮ সালে। তাঁকে এখনও ক্রিকেটের সেরা অলরাউন্ডারদের একজন হিসাবে বিবেচনা করা হয়। ১৯৮২-তে পাকিস্তান দলের অধিনায়ক হন তিনি। দশ বছর পরে তাঁর হাতেই ওঠে পাকিস্তানের একমাত্র ওডিআই বিশ্বকাপ ট্রফি। সেই ট্রফি জয়ের ২৬ বছর পরে ইমরান দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার প্রেক্ষিতেই ২০২২-এর ২৬ বছর পরে ২০৪৮ সালে বাবর আজমের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন গাভাস্কার।

close whatsapp