মরসুমের মাঝামাঝি সময় থেকে অধিনায়কত্ব করার দায়িত্ব পেলে সেটি গ্রহণ করতেন না বলে জানালেন অক্ষর প্যাটেল

Axar Patel
Axar Patel. (Image Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ খুব একটা ভালো প্রদর্শন করতে পারেনি দিল্লি ক্যাপিটালস (ডিসি)। তারা ১৪টি ম্যাচ খেলে মাত্র ৫টি ম্যাচে জয় পেয়েছে। তবে এই মরসুমে ডিসির অভিজ্ঞ অলরাউন্ডার অক্ষর প্যাটেল খুব ভালো পারফর্ম করেছেন। তিনি ব্যাট হাতে ২৮৩ রান করেছেন এবং বল হাতে ১১টি উইকেট নিয়েছেন।

অক্ষর প্যাটেল অধিনায়কত্ব করার ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন। মরসুমের মাঝমাঝি সময়ে অধিনায়কত্ব করার দায়িত্ব পেলে তিনি সেটি গ্রহণ করতেন না বলে জানিয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে অক্ষর প্যাটেল বলেন, “ম্যায় চালু সিরিজ মে কিসি কো কুছ নেহি বোলতা (মরসুমের মাঝামাঝি সময়ে আমি বেশি কিছু বলি না)। আগর মেরে পাস ক্যাপ্টেন্সি আতি ভি তো ম্যায় লেতা নেহি (যদি আমার কাছে অধিনায়কত্ব করার দায়িত্ব আসত, আমি সেটা গ্রহণ করতাম না।)”

তিনি আরও বলেন, “যখন আপনার দল এত খারাপ মরসুমের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন এই ধরণের জিনিসগুলি সেটা আরও খারাপ করে তোলে। আপনাকে আপনার খেলোয়াড়দের, আপনার অধিনায়ককে সমর্থন করতে হবে এবং আপনি যদি মরসুমের মাঝামাঝি সময়ে অধিনায়ক পরিবর্তন করেন তবে এটি একটি ভালো বার্তা দেয় না।”

গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচটিতে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) কাছে ৭৭ রানে পরাজিত হয়েছে ডিসি। প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৩ উইকেটে ২২৩ রান করেছিল সিএসকে। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান করতে সক্ষম হয় দিল্লি ক্যাপিটালস।

“মেরে ক্যাপ্টেন্সি লেনে সে সব কুছ চেঞ্জ নেহি হো জাতা” – অক্ষর প্যাটেল

অক্ষর প্যাটেল বলেছেন যে তিনি অধিনায়ক হলে সবকিছুর পরিবর্তন হয়ে যেত না। এছাড়াও মরসুমের মাঝে অধিনায়ক হয়ে ড্রেসিংরুমের পরিবেশ তিনি নষ্ট করতে চান না বলে জানিয়েছেন।

অক্ষর প্যাটেল বলেন, “মেরে ক্যাপ্টেন্সি লেনে সে সব কুছ চেঞ্জ নেহি হো জাতা। আইসা নেহি থা কি এক বান্দা খারাব কর রাহা থা। উসমে ক্যাপ্টেন কেয়া কার সকতা হ্যায় (আমি অধিনায়ক হলে সব জিনিসের পরিবর্তন হয়ে যেত না। এরকমটা ছিল না যে একজন খারাপ করছিল। এতে অধিনায়ক কি করবে।)”

তিনি আরও বলেন, “আমি কখনই অধিনায়কত্ব নিয়ে কথা বলিনি, তবে আমি যদি অধিনায়ক হই, তবে আমি একটি মরসুমের মাঝখানে দায়িত্ব নেব না। আমি ড্রেসিংরুমের পরিবেশ নষ্ট করতে চাই না।”

close whatsapp