“খুব অদ্ভুত লেগেছিল” – প্রাক্তন দল সানরাইজার্সের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা জানালেন রশিদ খান

সেই ম্যাচে ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন রশিদ

Rashid Khan
Rashid Khan. (Photo Source: IPL/BCCI)

গুজরাট টাইটান্স (জিটি) বোলার রশিদ খান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ মরসুমে দ্বিতীয়বারের জন্য তাঁর প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) মুখোমুখি হওয়ার সময় তাঁর মনোভাব প্রকাশ করেছেন। আফগান লেগ-স্পিনার অরেঞ্জ আর্মির হয়ে পাঁচটি মরসুম কাটিয়েছেন। যদিও এবারের সংস্করণের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।

জিটির একমাত্র হার এই মাসের শুরুতে এসআরএইচের বিরুদ্ধে এসেছিল। রশিদ খান তাঁর প্রাক্তন দলের বিরুদ্ধে প্রথম লড়াইয়ে ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। আফগানিস্তানে জন্মগ্রহণকারী এই বোলার তাঁর প্রাক্তন সতীর্থ অভিষেক শর্মার উইকেট পেয়েছিলেন। ম্যাচটি জিটি আট উইকেটে হেরে যায়।

এসআরএইচের বিপক্ষে দ্বিতীয়বার মুখোমুখি হওয়ার আগে তাঁর স্নায়ু আর আগের মতো চঞ্চল নেই বলে জানিয়েছেন রশিদ। প্রাক-ম্যাচ সাক্ষাৎকারে তিনি বলেছেন, “প্রথমবার সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হওয়ার সময় আমার খুব অদ্ভুত লেগেছিল। আমি শুধু আমার খেলায় ফোকাস করার চেষ্টা করছিলাম কিন্তু তবুও এটা আমার মাথার মধ্যে ঘুরছিল। এখন যেহেতু এই দ্বিতীয়বার আমি এসআরএইচের মুখোমুখি হচ্ছি, সেই চিন্তাগুলি এখন চলে গেছে এবং আমি আমার সাধ্যমতো পারফর্ম করার চেষ্টা করব।”

দলে সব বিভাগেই ম্যাচ উইনার আছে: রশিদ খান 

হায়দ্রাবাদের বিরুদ্ধে পরাজয়টি বাদ দিলে নতুন ফ্র্যাঞ্চাইজি তাদের সুদক্ষ বোলিং ইউনিট এবং রাহুল তেওয়াটিয়া, ডেভিড মিলারের মতো ম্যাচ বিজয়ীদের সৌজন্যে পরপর জয় অর্জন করেছে। বেশ কিছু ম্যাচে হারার জায়গা থেকে দুই পয়েন্ট তুলে নিয়েছে টাইটান্স।

একাধিক ম্যাচ বিজয়ীর উপস্থিতি একটি ভালো দলের লক্ষণ বলে মন্তব্য করে রশিদ খান বলেছেন, “যখন দলের হয়ে বিভিন্ন খেলোয়াড় জয়ের ক্ষেত্রে অবদান রাখেন তখন স্বস্তি ও আত্মবিশ্বাসের অনুভূতি হয়। এটি একটি ভালো দলের লক্ষণ যারা সবসময় এক বা দুইজন খেলোয়াড়ের উপর নির্ভর করে না। এখনও পর্যন্ত বোলাররা, ব্যাটাররা উভয়েই ম্যাচ জিতিয়েছে। এখানে সব বিভাগেই ম্যাচ উইনার আছে।”

মেগা-নিলামে তাদের পারফরম্যান্স দেখে নতুন দলের সম্ভাবনা নিয়ে বেশ কিছু সন্দেহ ছিল। তবে, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল, আশিস নেহরার প্রশিক্ষণাধীনে আপাতত সবাইকে ভুল প্রমাণ করছে।

হার্দিক পান্ডিয়া ও আশিস নেহরার কোচ-অধিনায়ক জুটি ফ্র্যাঞ্চাইজির হয়ে দুর্দান্ত কাজ করেছেন। এই জুটি কীভাবে একটি ইতিবাচক দলের পরিবেশ তৈরি করেছে সে সম্পর্কে বেশ কয়েকজন খেলোয়াড় মুখ খুলেছেন। এ প্রসঙ্গে রশিদ খান বলেন, “হার্দিক পান্ডিয়া ও আশিস নেহরা খেলোয়াড়দের সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে তাদের দক্ষতা এবং প্রতিভা প্রদর্শনের স্বাধীনতা দিয়েছেন। এমনকি প্রথম একাদশের অংশ না থাকা খেলোয়াড়রাও অধিনায়ক এবং একজন কোচের কাছ থেকে আস্থা পাচ্ছেন এবং এমনটাই হওয়া উচিত।” 

close whatsapp