আইপিএলকে বিশ্বের এক নম্বর টুর্নামেন্ট হিসেবে দেখেন ডেভিড ওয়ার্নার
ওয়ার্নার জানিয়েছেন আইপিএল থেকে প্রাপ্ত জ্ঞান তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলার সময় কাজে লাগান
আপডেট করা - Feb 5, 2022 11:51 am

ডেভিড ওয়ার্নার আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার। অস্ট্রেলিয়ান বিস্ফোরক বাঁ-হাতি ওপেনার ভারতীয় টি-টোয়েন্টি লিগে ৫৪৪৯ রান সংগ্রহ করেছেন এবং সেটিও ৪১.৬০ গড়ে, যা টি-টোয়েন্টি ফর্ম্যাটে অসাধারণ। ২০০৯ থেকে ২০১৩ অবধি তৎকালীন দিল্লী ডেয়ারডেভিলসে খেলার পর ২০১৪ থেকে দীর্ঘ আট বছর সানরাইজার্স হায়দ্রাবাদের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০১৬ সালে নেতৃত্ব দলকে শিরোপাও জিতিয়েছেন তিনি।
আইপিএল মেগা নিলামের আগে, ওয়ার্নার বলেছেন যে তিনি যখন ভারতে যান এবং আইপিএল খেলেন, তখন তিনি এই টুর্নামেন্টটিকে সমগ্র ক্রিকেট বিশ্বের সেরা হিসাবে দেখেন। ওয়ার্নার আরও যোগ করেছেন যে তিনি যখনই ভারতে ক্যাঙ্গারুদের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেন তখনই তিনি আইপিএল থেকে পাওয়া জ্ঞান কাজে লাগানোর চেষ্টা করেন।
“আমি যখন ভারতে যাই, তখন আমি এটাকে বিশ্বের সেরা টুর্নামেন্ট হিসেবে দেখি। অস্ট্রেলিয়ার হয়ে আমাকে যখন সেখানে টেস্ট বা ওয়ানডে খেলতে যেতে হয়, তখন তার জন্য আগে থেকেই আমি প্রচুর অনুশীলন এবং অন্তর্দৃষ্টি লাভ করি আইপিএলের জন্য,” ডেভিড ওয়ার্নার প্রাক্তন অজি পেসার ব্রেট লির পডকাস্টে বলেছেন।
ভারত আমাকে উন্মুক্ত হাতে স্বাগত জানিয়েছে: ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার আরও যোগ করেছেন যে ভারতের লোকেরা খুব নম্র, এবং এখন এক দশক ধরে তাঁকে এবং তাঁর পরিবারকে স্বাগত জানিয়েছে। “আমার জন্য এক নম্বর জিনিস হল সেখানে (ভারতে) সবাই কতটা নম্র। তারা গত এক দশক ধরে আমার পরিবারকে এবং আমাকে খুব ভালোভাবে স্বাগত জানিয়েছে,” যোগ করেছেন ওয়ার্নার।
ডেভিড ওয়ার্নার আরও বলেছেন যে তিনি ভারতে মানুষের সাথে দেখা করতে পছন্দ করেন। ৩৫ বছর বয়সী ভারতের জনসাধারণের তাঁকে দেওয়া ভালবাসা দেখে অভিভূত এবং তিনি এই বলে শেষ করেছেন যে তিনি ভারতের কাছে আন্তরিকভাবে ঋণী।
“আমি বাইরে যেতে এবং সেখানে লোকেদের সাথে দেখা করতে পছন্দ করি। আমি জানি এটা অনেক সময় নিরাপত্তার ঝুঁকি হতে পারে কারণ আমরা একটু ভিড় তৈরি করে ফেলি। আমি স্থানীয়দের সাথে মিশতে ভালোবাসি। তারা আমাকে অনেক কিছু দিয়েছে। আমি মনে করি আমরা ভারতের কাছে অনেক ঋণী। আমি ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত কোন উদ্যোগে তাদের সঙ্গে জড়িত থাকতে চাই,” ডেভিড ওয়ার্নার শেষে বলেছেন।
টুর্নামেন্টের ১৫তম সংস্করণের আগে ব্যাঙ্গালোর শহরে ১২ ও ১৩ই ফেব্রুয়ারি আইপিএল মেগা নিলাম অনুষ্ঠিত হবে। ওয়ার্নারকে পেতে একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হবে বলে আশা করা যায়।