“এখনও আমাদের সেরা ক্রিকেট খেলিনি” – শীর্ষে থাকা দল রাজস্থানের ব্যাটার দেবদত্ত পাড়িক্কাল
রাজস্থান চার ম্যাচ খেলে তিনটিতে জিতেছে
আপডেট করা - Apr 14, 2022 7:28 pm

রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটার দেবদত্ত পাড়িক্কাল মনে করেন যে তাঁর দল এখনও আইপিএল ২০২২-এ তাদের সেরা খেলা খেলতে পারেনি। উদ্বোধনী সংস্করণের চ্যাম্পিয়নরা চার ম্যাচের তিনটিতে জিতে তালিকার শীর্ষে রয়েছে। তারা তাদের এই ছন্দ ভবিষ্যতের ম্যাচগুলিতে বজায় রাখতে চাইবে।
এই বছরের মেগা নিলামে ৭.৭৫ কোটি টাকায় রয়্যালস দ্বারা কেনা পাড়িক্কাল যদিও এই তিন জয়কে এখনই খুব বেশী গুরুত্ব দিতে নারাজ। ফল নয়, তিনি নজর দিয়েছেন পারফরম্যান্সের দিকে এবং তাঁর মনে হয়েছে দলের পারফরম্যান্স এখনও তাঁদের ক্ষমতা অনুযায়ী হয়নি। উন্নতির আরও অবকাশ রয়েছে।
“এমন অনেক জায়গা আছে যেখানে আমি মনে করি আমরা উন্নতি করতে পারি। আমার মনে হয় না আমরা এখনও আমাদের সেরা ক্রিকেট খেলেছি। তবে আমরা প্রতিটি খেলায় উন্নতি করছি এবং আমরা এগিয়ে যাচ্ছি, যা সত্যিই একটি ভালো লক্ষণ। আশা করি, আমরা একটি দল হিসাবে ছোট শূন্যস্থানগুলি পূরণ করে নিজেদের উন্নতি করতে থাকব,” প্রাক-ম্যাচ ভার্চুয়াল প্রেস কনফারেন্সে পাড়িক্কাল বলেছেন।
আমি কোন পজিশনে ব্যাট করছি তাতে কিছু যায় আসে না: দেবদত্ত পাড়িক্কাল
এখন পর্যন্ত খেলা চারটি খেলায়, পাড়িক্কাল একবারই মাত্র ওপেন করার সুযোগ পেয়েছেন। ম্যাচটি ছিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাদের সাম্প্রতিকতম লড়াই। পাড়িক্কাল তাঁর আগের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সবসময় ইনিংস ওপেন করতেন, কিন্তু আরআর-এর হয়ে ৩ নম্বরে খেলেছেন। তিনি মনে করেন যে তিনি কোন পজিশনে খেলছেন তার চেয়েও বেশী গুরুত্বপূর্ণ তাঁকে সেই পজিশনে খেলিয়ে দল উপকৃত হচ্ছে কিনা।
“এটা হতেই পারে। দিনের শেষে, আমরা একই লক্ষ্যে খেলছি, যেটি দলের জন্য ম্যাচ জেতা। সুতরাং, আমি কোন পজিশনে ব্যাট করছি বা অন্যরা কোন পজিশনে ব্যাট করছে তাতে কিছু যায় আসে না। দিনের শেষে, আমরা সেই পরিস্থিতি অনুযায়ী দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করছি এবং কেবল আমাদের সেরাটা দিতে চাই এবং সেই সঙ্গে খেলা উপভোগ করার চেষ্টা করছি,” তিনি যোগ করেছেন।
আরআর শেষবার ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল এবং বৃহস্পতিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এই মাঠে তাদের দ্বিতীয় খেলা খেলবে। এমআই-এর বিপক্ষে, ওপেনার জস বাটলার একটি দুর্দান্ত সেঞ্চুরি করেন এবং এখনও অবধি তিনিই টুর্নামেন্টের শীর্ষস্থানীয় রান-স্কোরার।
“এটা দিনের খেলার তুলনায় খুব আলাদা হবে। শিশির ফ্যাক্টর খেলায় আসতে পারে. আমরা যেমন ডিওয়াই পাটিলে গতকাল রাতে দেখেছি, তেমনএকটি উচ্চ-স্কোরিং ম্যাচ হবে। সুতরাং, আমরা অনেক রান আশা করতে পারি এবং আশা করি, বিজয়ী দল হিসাবে শেষ করব,” পাড়িক্কাল শেষে বলেছেন।