“যেখান থেকে শুরু করেছি সেখানেই ফিরলাম” দিল্লিতে যাওয়ার পর বার্তা ওয়ার্নারের

Delhi Capitals
Delhi Capitals. (Photo Source: IPL/BCCI)

দিল্লি ক্যাপিটালস থেকে তাঁর যাত্রা শুরু হয়েছিল আইপিএলের মঞ্চে। ১৫ তম আইপিএলে আবারও সেই দিল্লি শিবিরেই ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ায় বসেই সেই খবর পেয়ে গিয়েছেন তিনি। আর তাতেই আপ্লুত ডেভিড ওয়ার্নার। সুদূর অ্ট্রেলিয়া থেকেই শুভেচ্ছা বার্তা পাঠালেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার। আসন্ন মরসুমে দিল্লির হয়ে মাঠে দেখা যাবে তারকা ওপেনারকে। তাঁকে ৬.২৫ কোটি টাকায় নিয়েছে দিল্লি ক্যাপিটালস। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। দিল্লি ক্যাপিটালস ভক্তদের জন্য বার্তা পাঠালেন ওয়ার্নার।

শেষবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন ওয়ার্নার। কিন্তু গত মরসুমটা একেবারেই ভাল যায়নি তাঁর। সেই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ধারাবাহিক ব্যর্থ হয়েছিলেন তিনি। একইসঙ্গে প্রতিযোগিতার মাঝপথেই তাঁকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই থেকেই ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গেও মনমালিন্য দেখা যায় তাঁর।

এবারে দুই নতুন ফ্র্যাঞ্চাইজির সংযুক্তির পরই আইপিএলের নিয়ম বদলে যায়। লখনউ ও আহমেদাবাদ আসার পরই আইপিএলের মেগা নিলাম হওয়ার কথা জানানো হয়েছিল বোর্ডের তরফে। আর সেখানে ডেভিড ওয়ার্নারকে যে হায়দরাবাদ রাখবে না তা বলাই বাহুল্য। রাখেওনি তাঁকে। এরপর থেকেই ওয়ার্নারকে নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনা কোন দলে যেতে পারেন তিনি। শেষপর্যন্ত দিল্লি ক্যাপিটালসেই ফিরলেন ওয়ার্নার।

অস্ট্রেলি্য়া থেকেই নিজের শুভেচ্ছাবার্তাও পাঠালেন। একইসঙ্গে ক্যাপিটালস ভক্তদের স্বস্তির বার্তাও দিলেন এই অজি তারকা। তিনি জানান, “আইপিএলে যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আবার ফিরলাম। আমি আপ্লুত। সেইসঙ্গে দিল্লির ভক্তদের কাছেও কৃতজ্ঞ আমার ওপর ভরসা রাখার জন্য। নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব”।

দিল্লি ক্যাপিটালসে যাওয়ার পর বার্তা ডেভিড ওয়ার্নারের

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ক্রিকেটারদের মধ্যে ডেভিড ওয়ার্নার অন্যতম। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত ওয়ার্নারের কেরিয়ারগ্রাফ ওপরের দিকেই ছিল। ১৪০ স্ট্রাইকরেটের সঙ্গে আইপিএলের মঞ্চে রয়েছে চার হাজারের ওপর রান। ২০১৫ সালে আইপিএলের সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছিলেন তিনি। আবার তাঁর হাত ধরেই ২০১৬ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরবাদ।

সেবার আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল তাঁর। সেইসঙ্গে ফাইনালের মঞ্চে দুর্ধর্ষ পারফরম্যান্সও দেখিয়েছিলেন এই অজি তারকা ক্রিকেটার। আইপিএলের মঞ্চে সেভাবে সফল হতে না পারলেও, টি টোয়ন্টি বিশ্বকাপের মঞ্চে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরষ্কার জিতে নিয়েছিলেন তিনি। সেই মতো এদিন ওয়ার্নারকে নেওয়ার লড়াইও ছিল দেখার মতো। কিন্তু শেষপর্যন্ত বাজিমাত করে দিল্লি ক্যাপিটালস। শক্তিশালী ওপেনিং নিয়েই এবার মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস।

close whatsapp