“কোহলির পাওয়ার গেম কমে গেছে” – আরসিবি ব্যাটারের ফর্ম নিয়ে দুশ্চিন্তায় মঞ্জরেকার

মুম্বইয়ের বিরুদ্ধে বিতর্কিত সিদ্ধান্তে ৪৮ রানে আউট হন কোহলি

Virat Kohli
Virat Kohli. (Photo Source: IPL/BCCI)

শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে ৩৬ বলে ৪৮ রান করার সময় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) ব্যাটার বিরাট কোহলিকে অনেক দিন পর তাঁর পুরনো মেজাজে দেখা গেল। তা সত্ত্বেও কোহলির ফর্মে ফেরার বিষয়ে সঞ্জয় মঞ্জরেকার আশ্বস্ত নন। প্রাক্তন ভারতীয় ওপেনার উল্লেখ করেছেন যে কোহলির বড় শটগুলি আগের মতো আর ততটা দূরে যায় না। তাঁর মতে কোহলির “পাওয়ার গেম” তাঁর সেরা সময়ের ধারেকাছে নেই।

কোহলি একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে মাত্র দুই রানের জন্য তাঁর হাফ সেঞ্চুরিতে পৌঁছতে পারেননি। তাঁর ইনিংসে যে পাঁচটি বাউন্ডারি অন্তর্ভুক্ত ছিল, তা দেখে সেই আগ্রাসন, দৃঢ়তা এবং নিয়ন্ত্রণের ঝলক দেখা যায় যা তাঁর সেরা সময়ে ছিল। অনেকেই মনে করছেন এই ইনিংসটি বেশ কয়েক মাস অফ ফর্মের পর কোহলির একপ্রকার ‘প্রত্যাবর্তন’।

কিন্তু ইএসপিএনক্রিকইনফোর সাথে কথা বলার সময় মঞ্জরেকার বলেছিলেন যে তিনি কোহলির ছক্কাগুলি গ্যালারির অনেকটা দূর অবধি যেতে না দেখা পর্যন্ত এটি বিশ্বাস করবেন না যে কোহলি ফর্মে ফিরছেন। এমনকি যদি কোহলি হাফ সেঞ্চুরিও পান, তাও নয়।

তিনি বলেছেন, “বিরাট কোহলি রান পেয়েছিল কিন্তু যখন আমি তাকে দেখি, আমি তার ছক্কা কতদূর যায় তার দিকে মনোযোগ দিই – সেটা বাউন্ডারির ​​কাছাকাছি, নাকি গ্যালারির দ্বিতীয় স্তরে। সে এখন শুধুই বাউন্ডারির ​​দড়ি পার করছে এবং আমি প্রায়শই বলেছি যে গত এক বছরে বিরাট কোহলির পাওয়ার গেমটা একটু কমে গেছে। পাঁচ-ছয় বছর আগেও সে বড় ছক্কা মারত। সে ৫০ না ৬০ রান করছে আমি সেদিকে ফোকাস করব না। তার পাওয়ার গেমটা ভালো হয়ে গেলে ফোকাস করব।” 

দীনেশ কার্তিককে তাঁর আদর্শ ভূমিকায় খেলাচ্ছে আরসিবি: সঞ্জয় মঞ্জরেকার

প্রাক্তন আরসিবি অধিনায়কের যদি নিজের ফর্ম ফিরে পেতে আরও সময় লাগলেও মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েল এবং ফর্মে থাকা দীনেশ কার্তিক বিরাটকে যথেষ্ট সময় দিতে পারবেন কারণ তাঁরা বিধ্বংসী ফর্মে রয়েছেন। মঞ্জরেকর দুই বিগ-হিটারকে একটি ‘বিপজ্জনক’ সমন্বয় বলে অভিহিত করেছেন।

এই বিষয়ে তিনি বিষদে বলেছেন, “এটি দীনেশ কার্তিকের জন্য নিখুঁত ভূমিকা, ফিনিশিং রোল। আপনি যখন তাকে ৩ নম্বরে পাঠান এবং আশা করেন যে তিনি ২০তম ওভার পর্যন্ত খেলবেন এবং ইনিংসটি অ্যাঙ্কর করবেন, তখন সেটি তার ভূমিকা হতে পারে না। গ্লেন ম্যাক্সওয়েল ফিরে এসেছেন এবং তিনি ছন্দে আছেন। আরসিবির কাছে বেশ বিপজ্জনক ৫ এবং ৬ নম্বর ব্যাটার রয়েছে।”

চার ইনিংসের পরে, কার্তিক এখনও আইপিএল ২০২২-এ আউট হননি৷ তিনি আরসিবির তিনটি জয়ের মধ্যে দুটিতে প্রধান ভূমিকা পালন করেছেন এবং চারটি ইনিংসে ৯৭ রান করেছেন ২১০.৮৭ স্ট্রাইক রেটে, যা এখনও পর্যন্ত টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ।

close whatsapp