“আউট না হওয়া পর্যন্ত সুন্দর ব্যাটিং করে” – রান না পেলেও বিরাট ছন্দ হারায়নি বলে মত ওয়াসিম জাফরের
দক্ষিণ আফ্রিকার পেসারদের দেখে তাঁর ঘাতক মনে হয়নি
আপডেট করা - Dec 27, 2021 5:39 pm

সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের ১ম দিনে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি ঙ্গিডির বলে ৩৫ রানে আউট হয়ে আরও একটি আশাব্যঞ্জক শুরুকে বড় স্কোরে রূপান্তর করতে ব্যর্থ ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। কোহলি যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ তাঁকে বেশ ধৈর্যশীল দেখাচ্ছিল কিন্তু একাগ্রতার সামান্য ত্রুটির জন্য তাঁকে বেশ ব্যয়বহুল মূল্য দিতে হয়েছে। সেট হয়ে গিয়েও ৩৫ রানের বেশী সংগ্রহ করতে পারলেন না।
লুঙ্গি ঙ্গিডি অফ স্টাম্পের অনেক বাইরে একটি ফুল লেংথ ডেলিভারি করেছিলেন যা অনায়াসে ছেড়ে দিতে পারতেন কোহলি। কিন্তু ড্রাইভ মারার ঝোঁকে বলটি কোহলির ব্যাটের কোণায় লাগে এবং স্লিপে ক্যাচ আউট হন।
“দুর্দান্ত খেলোয়াড়দের ক্ষেত্রে এটা ঘটে” – কোহলির সেঞ্চুরি না পাওয়ার বিষয়ে বলেছেন জাফর
কোহলির ৭১তম সেঞ্চুরির অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। তবে প্রাক্তন ভারতের ওপেনার ওয়াসিম জাফর মনে করেন যে কোহলি যেভাবে আউট হয়েছিলেন তাতে তিনি হতাশ হবেন ঠিকই তবে তিনি অবশ্যই খারাপ ছন্দে নেই।
ইএসপিএনক্রিকইনফোর সাথে একটি কথোপকথনে, জাফর উদ্বোধনী দিনে কোহলির পারফরম্যান্সের বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন সব খেলোয়াড়কেই তাঁদের কেরিয়ারে একটি কঠিন পর্যায়ের মধ্য দিয়ে যেতে হয়। প্রাক্তন ভারতীয় ওপেনার মনে করেন যে কোহলিও সেই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি মনে করেন কোহলি আউট হওয়ার আগে পর্যন্ত ভালো ব্যাট করেছেন।
তিনি বলেন, “কোহলি সুন্দর খেলছিল। কিন্তু এতদিন ধরে তার ক্ষেত্রে এমনই হচ্ছে। সে আউট না হওয়া পর্যন্ত সুন্দর ব্যাটিং করে এবং তারপর আউট হয়ে যাওয়াটা হতাশাজনক। তবে দুর্দান্ত খেলোয়াড়দের ক্ষেত্রে এটা ঘটে।”
জাফর কেএল রাহুল (১২২*) এবং মায়াঙ্ক আগরওয়ালের (৬০) ওপেনিং জুটিতে তোলা ১১৭ রানের পার্টনারশিপের জন্য তাঁদের প্রশংসা করেছেন। তিনি আরও যোগ করেছেন যে সমস্ত দক্ষিণ আফ্রিকান বোলারদের ভয়ঙ্কর গতি এবং শক্তির অভাব ছিল।
“মার্কো জানসেন তার প্রথম ওভারের শুরুতে ফুল টস বোলিং করলেন, ঙ্গিডিকে যথেষ্ট দ্রুত দেখাচ্ছিল না এবং (কাগিসো) রাবাডা ১৪০-এর উপরে খুব কমই বোলিং করলেন,” জাফর বলেছেন।
২০১৯ সালে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে টেস্টে শেষ সেঞ্চুরি করেছিলেন কোহলি। ২০২০-এর শুরু থেকে, সেঞ্চুরিয়নে চলমান ম্যাচটি নিয়ে মোট ১৪ টেস্টে মোট ৬৩৪ রান করেছেন কোহলি, গড় ২৭-এর নীচে এবং সেরা স্কোর ৭৪। রাহুলের অপরাজিত ১২২ এবং মায়াঙ্কের দুর্দান্ত হাফ সেঞ্চুরি ভারতকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে প্রথম দিনের শেষে।