‘এমন ইনিংসের শ্রেষ্ঠত্ব বোঝা উচিত’ – পাটিদারকে প্রশংসায় ভরালেন কোহলি
মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করে এই আইপিএলের দ্রুততম শতরান করেন পাটিদার
আপডেট করা - May 26, 2022 2:00 pm

রজত পাটিদার আইপিএল ২০২২-এর এলিমিনেটরে অসাধারণ সেঞ্চুরি করে লখনউ সুপার জায়ান্টসকে বিপর্যস্ত করেছেন। ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকারা বড় শট খেলতে ব্যর্থ হলেও পাটিদার এলএসজি বোলারদের যেভাবে উপহাস করলেন তাতে মনে হচ্ছিল তিনি সম্পূর্ণ ভিন্ন পিচে ব্যাটিং করছেন।
আভেশ খান থেকে রবি বিষ্ণোই পর্যন্ত, ২৮ বছর বয়সী মধ্যপ্রদেশের ব্যাটারের সামনে কেউই রেহাই পাননি এবং মাত্র ৪৯ ডেলিভারিতে তাঁর শতরানটি করেন। ইনিংসের শেষে তিনি ১১২ রানে অপরাজিত থাকেন এবং আরসিবিকে গুরুত্বপূর্ণ ম্যাচটি ১৪ রানে জিততে সাহায্য করেন। এদিকে, কোহলি পাটিদারের ইনিংস দেখে মুগ্ধ হয়ে তাঁর ব্যাপক প্রশংসা করেছেন। প্রাক্তন আরসিবি অধিনায়ক খেলার পরে পাটিদারের সাক্ষাৎকার নিয়েছিলেন, এবং তখনই বলেন যে তাঁর সতীর্থের করা সেঞ্চুরির মতো ইনিংস তিনি খুব কম দেখেছেন।
রজত পাটিদার যা করেছেন তা খুবই বিশেষ: বিরাট কোহলি
“আমি তাকে খেলার পরেও বলেছিলাম যে আমি এত বছর ধরে চাপের মধ্যে অনেক ইনিংস দেখেছি। রজত আজকে যেভাবে খেলেছে তার চেয়ে ভালো আমি খুব বেশী দেখিনি। চাপ ছিল, তার উপর বড় ম্যাচ, প্রথম আনক্যাপড প্লেয়ার,” ম্যাচের পর কথা বলার সময় কোহলি বলেছিলেন।
“খেলার মাত্রা এতটাই বড় ছিল যে আমি বাতাসে উত্তেজনা অনুভব করছিলাম কারণ আমি এমন পরিস্থিতিতে ছিলাম যেখানে আপনাকে একটি দল হিসাবে সীমা অতিক্রম করতে হবে। সে যা করেছে তা খুব বিশেষ ছিল, আমি মনে করি না যে কারোর এটিকে সহজ মনে করা উচিত। আপনার উচিত ইনিংসের শ্রেষ্ঠত্ব বোঝা এবং এমন একটি ইনিংস দেখার জন্য একজন ক্রিকেটার হিসেবে প্রশংসা করা,” কোহলি শেষে বলেছেন।
এদিকে, আরসিবি এখন কোয়ালিফায়ার ২-এ অগ্রসর হয়েছে, যেখানে তারা ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। শুক্রবার (২৭শে মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে। উল্লেখ্য, আরসিবি গত দুই মরসুমেও প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করেছিল তবে এলিমিনেটরেই বিদায় নেয়। তাই এবারের সুযোগ হাতছাড়া করতে চাইবে না তারা।