ফিটনেস প্রমাণ করতে ১০ ওভার বল করার চ্যালেঞ্জ হার্দিক পান্ডিয়ার সামনে
আপডেট করা - Mar 15, 2022 4:27 pm

আইপিএলে নামার আগে কঠিন চ্যালেঞ্জের সামনে হার্দিক পান্ডিয়া। আর মাত্র কয়েকদজিন পরই শুরু হবে এবারের মেগা আইপিএল। সেখানেই নামার আগে বোর্ডের ফিটনেস টেস্টে পাশ করতে হবে হার্দিক পান্ডিয়াকেই। আর সেই পরীক্ষাই যেন কঠিন চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়েছে হার্দিককে। একইসঙ্গে চিন্তা ক্রমশ বেড়েই চলেছে গুজরাত টাইটান্স শিবিরে। হার্দিককে ফিটনেস টেস্ট পাশ করার জন্য ১০ ওভার বল করা এবং ইয়ো ইয়ো টেস্টে পাশ করার চ্যালেঞ্জ বোর্ড এবং এনসিএ-র।
আগামী কয়েকদিন এনসিএতে চলবে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং। সেখানেই সমস্ত ক্রিকেটারদের আইপিএলে নামার আগে ফিটনেস দেখে নিতে চাইছে বোর্ড। সেইসঙ্গে কারোর কোনও চোট রয়েছে কিনা সেটাও পরিষ্কার হয়ে যাবে। প্রথমে এই শিবিরে যোগ না দেওয়ার কথা শোনা গেলেও, শেষপর্যন্ত বোর্ডের কড়া নির্দেশে এনসিএ-র ফিটনেস ক্যাম্পে যোগ দিতেই হয়েছে হার্দিক পান্ডিয়াকে। এবার সেখানেই হার্দিকের দিকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ফিটনেস ট্রেনাররা।
হার্দিক পান্ডিয়া ফিটনেস ট্রেনিং পাশ করতে না পারলে যে এবারের আইপিএল খেলতে পারবেন না, সে ব্যপারে আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন বোর্ড কর্তা থেকে নির্বাচকরা। এবার হার্দিকের সামনে নির্বাচকরা আরও কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। ফিটনেস ক্যাম্পে অন্তত ১০ ওভার বোলিং করতে হবে হার্দিক পান্ডিয়াকে। একইসঙ্গে বোর্ডের নির্ধারিত সেই ইয়ো ইয়ো টেস্টেও পাশ করতে হবে তাঁকে।
হার্দিক পান্ডিয়াকে ১০ ওভার বল করতে হবে এনসিএ-তে
শোনাযাচ্ছে ভিভিএস লক্ষ্মণ ও এনসিএ-র ফিটনেস ট্রেনাররা এখনও সমস্ত মাপকাঠি ঠিক করে উঠতে পারেননি। কিন্তু নির্বাচাকদের তরফে নাকি হার্দিকের জন্য এই মাপকাঠি ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। এনসিএ-কে হার্দিক পান্ডিয়াকে অন্তত ১০ ওভার বোলিং নাকি করতেই হবে। এরপর অবশ্যই ইয়ো ইয়ো টেস্ট দিতে হবে তাঁকে। যদিও এটা শুধুমাত্র হার্দিক পান্ডিয়ার জন্য নয়। এমসিএ-র শিবিরে অংশ নেওয়া প্রতিটা ক্রিকেটারকেই মানতে হবে এই নিয়ম।
বোর্ডের নিয়ম অনুযায়ী তচাদের চুক্তিভুক্ত প্রতিটা ক্রিকেটারকেই এই টেস্ট দিতে হবে। সেখানেই বোর্ডের মাপকাঠি ১৬.৫। যদিও হার্দিক পান্ডিয়া প্রতিবারই ১৮-র ওপর স্কোর করেছেন এই ইয়ো ইয়ো টেস্টে। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ভারতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি হার্দিক পান্ডিয়াকে। চোট সারিয়ে পুরোপুরি সুস্থ হওয়ার জন্যই তিনি অব্যহতি নিয়েছিলেন। তাঁর কোমড়ে অস্ত্রোপচার হওয়ার পর থেকেই গার্দিকের পারফরম্যান্স ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছিল।
আইপিএলের আগে ফিটনেস টেস্টে পাশ করতে ইয়ো ইয়ো টেস্টও দিতে হবে হার্দিক পান্ডিয়াকে
প্রায় দু বছর ভারতীয় দল এবং আইপিএলের মঞ্চে খেললেও বল হাতে সেভাবে দেখা যায়নি হার্দিককে। টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিককে অল রাউন্ডার হিসাবে নেওয়া হলেও, সেভাবে বল হাতে দেখা যায়নি তাঁকে। আর হার্দিককে ভারতীয় দলে রাখা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিলেন সকলে। দীর্ঘদিন পর ফের আইপিএল দিয়েই মাঠে ফিরতে চলেছেন হার্দিক।
এবারের আইপিএলে গুজরাত টাইটা্সের অধিনায়কএ হয়েছেন তিনি। বেশকয়েকদিন ধরেই প্রস্তুতি চালাচ্ছেন হার্দিক পান্ডিয়া। নিজেকে সুস্থ বলেই দাবী করেছেন তিনি। কিন্তু তাঁর ফিটনেসের কোনও তথ্যই নেই বোর্ডের কাছে। এরইমাঝে আইপিএলের আগে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ২৫ জন ক্রিকেটারদের এনসিএ-র শিবিরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেখানেও প্রথমে শোনা গিয়েছিল হার্দিক নাকি সেই শিবিরে যোগ দেবেন না। কিন্তু বোর্ডের নির্দেশ পাওয়ার পরই যোগ দিয়েছেন তিনি। এই দুদিনেই হার্দিকের আইপিএল খেলার ভাগ্য নির্ধারণ হবে।