“নতুন অধিনায়কদের মধ্যে হার্দিক পান্ডিয়া সবচেয়ে ভালো পারফর্ম করেছে” – ওয়াসিম জাফর

পান্ডিয়ার অলরাউন্ড পারফর্ম্যান্স দেখে মুগ্ধ জাফর

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: IPL/BCCI)

গুজরাত টাইটান্স (জিটি) অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে আইপিএল ২০২২-এ সমস্ত নতুন অধিনায়কদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বলে মনে হয়েছে ওয়াসিম জাফরের। প্রাক্তন ভারতীয় ওপেনার বলেছেন যে সমস্ত নতুন অধিনায়ককে নিয়েই মরসুমের আগে প্রশ্ন চিহ্ন ছিল। যদিও অলরাউন্ডার তাঁর হাতে থাকা সম্পদের সর্বোত্তম ব্যবহার করে সামনে থেকে জিটিকে নেতৃত্ব দিয়েছেন।

পান্ডিয়া এবং কেএল রাহুল (লখনউ সুপার জায়ান্টস) দুটি নতুন আইপিএল দলের নেতৃত্ব দেওয়া ছাড়াও, মূল আটটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে চারটিতেই এমন ক্রিকেটার অধিনায়কত্ব করছেন যাঁরা এর আগে কোন আইপিএল দলের নেতৃত্ব দেননি। পান্ডিয়া একদিকে যেমন অধিনায়ক হিসেবে অপরিক্ষিত ছিলেন, তেমনই তাঁর ফিটনেস সমস্যাও ছিল উদ্বেগের বিষয়। এ ছাড়া জিটির নিলাম কৌশলকেও অনেক বিশেষজ্ঞ সামান্য বিভ্রান্তিকর বলে মনে করেছিলেন। ফলে দলের প্রথম মরসুমে তাদের ভালো ফল করা নিয়ে অনিশ্চয়তা ছিল।

কিন্তু দল চমক দেখিয়ে বর্তমানে পাঁচটি ম্যাচে চারটিতে জিতে শীর্ষস্থানে আছে। ইএসপিএনক্রিকইনফোর সাথে কথা বলতে গিয়ে, জাফর পান্ডিয়ার নেতৃত্ব, শুবমান গিলের ব্যাটিং, অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়ার ফিনিশিং দক্ষতা এবং বোলিং ইউনিটের যৌথ কাজকে জিটির সাফল্যের জন্য দায়ী করেছেন। 

শুরুতে আশা না থাকলেও গুজরাত যেভাবে পারফর্ম করেছে তা দুর্দান্ত, মনে করেন জাফর

তিনি বলেছেন, “প্রত্যেক নতুন অধিনায়ককে নিয়ে প্রশ্ন ছিল যে সে কেমন পারফরম্যান্স করবে। হার্দিক পান্ডিয়া তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। ব্যাটিংয়ে সে যে দায়িত্ব নিয়েছে, বোলিং ফিটনেস দেখিয়েছে, নতুন বলে ১৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বোলিং করেছে। এমনকি ফিল্ডিং করার সময়ও সে বেশ কয়েকটা রানআউটকে করেছে। এতে শুধু তার নিজের আত্মবিশ্বাসই বাড়বে না, নির্বাচকরাও খুব খুশি হবেন কারণ বিশ্বকাপ আসছে। এটা দুর্দান্ত পারফরম্যান্স ছিল।”

তিনি যুক্ত করেছেন, “অনেকেই নিলামের পরে গুজরাত টাইটান্সকে নিয়ে খুব বেশি আশা দেখেনি। মনে হয়েছিল সময়ের কিছু সীমাবদ্ধতা ছিল। কিন্তু টুর্নামেন্টে তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, মাত্র একটি ম্যাচ হেরেছে, চারটি জিতেছে, তা দুর্দান্ত পারফরম্যান্স। তাদের বোলিং যেভাবে ফুটে উঠেছে, শুবমান গিল যেভাবে ব্যাটিংয়ে দায়িত্ব নিয়েছে, এমনকি অধিনায়ক হার্দিক পান্ডিয়া সেখানে দায়িত্ব নিয়েছে এবং তেওয়াটিয়া যেভাবে খেলা শেষ করেছে, এই দলটি একটি ইউনিট হিসাবে সত্যিই ভাল পারফর্ম করছে।”

ব্যাতিং ক্রমের ৪ নম্বরে নেমে একটি নতুন ভূমিকায় পান্ডিয়া ৭৬ গড়ে ২২৮ রান করেছেন। অরেঞ্জ ক্যাপ পাওয়ার লড়াইয়ে তিনি তৃতীয় স্থানে। ২৮ বছর বয়সী চারটি উইকেটও তুলেছেন। তাঁর গতি এবং লেংথ প্রতিটি ম্যাচেই আরও ভালো দেখাচ্ছে।

close whatsapp