প্রথম ম্যাচ জয়ের পরই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার প্রশংসায় ডেভিড মিলার

David Miller
David Miller. (Photo Source: IPL/BCCI)

ক্রিকেটের বাইশ গজে অধিনায়ক হিসাবে যাত্রাটা সাফল্যের সঙ্গেই শুরু করেছেন হার্দিক পান্ডিয়া। আইপিএলের মঞ্চে প্রথম ম্যাচেই লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। প্রথম ম্যাচেই কার্যত গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসাবে ফুল মার্কস পেয়ে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। একইসঙ্গে সতীর্থদেরও যে সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতা তিনি অর্জন করে পেলেছেন তাও বেশ স্পষ্ট। ম্যাচ শেষে ডেভিড মিলারের মুখে শুধুই হার্দিকের প্রশংসা।

এবারের আইপিএলে অভিষেক হয়েছে দুই নতুন দলের। গুজরাত টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টস। গত সোমবারই প্রথমবা আইপিএলের মঞ্চে নেমেছিল দুই দলই। সেখানেই লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কের দায়িত্বে ছিলেন লোকেশ রাহুল। অন্যদিকে গুজরাত টাইটান্সের নেতৃত্বে ছিলেন হার্দিক পান্ডিয়া। প্রথম ম্যাচেই হাড্ডহাড্ডি লড়াই দেখিয়েছেন দুই দল। যদিও শেষপর্যন্ত জয়ের হাসি ফুটেছিল হার্দিক পান্ডিয়ার মুখেই। লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে প্রথম আইপিএলে যাত্রা শুরু করেছে গুজরাত টাইটান্স।

যদিও হার্দিকের এই জয়ের প্রধান কারিগড় তিনজন ক্রিকেটারই। বল হাতে প্রথম ম্যাচেই কামাল দেখিয়েছেন মহম্মদ সামি। লোকেশ রাহুল, কুইন্টন ডিককদের মতো তারকাদের শুরুতেই সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। আর সেইসঙ্গেই গুজরাতের জয়ের ভিতটা প্রস্তুত হয়ে গিয়েছিল। এরপর অবশ্য ব্যাট হাতে গুজরাতও খানিকটা চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকেই গুজরাতকে বাঁচিয়েছিলেন রাহুল তেওয়াটিয়া ও ডেভিড মিলার।

হার্দিক পান্ডিয়ার সঙ্গে রাহুল তেওয়াটিয়ারও ব্যাটিংয়ের প্রশংসা করেছেন ডেভিড মিলার

শেষের দিকে দীপক হুডা ও রবি বিষ্ণোইয়ের ওভারেই বড় রান তুলে নিয়েছিলেন এই দুই ব্যাটার। দীপক হুডার এক ওভারে ২২ রান ও রবি বিষ্ণোইয়ের এক ওভারে ১৯ রান নিয়ে গুজরাতের জয়টা কার্ষত পাকা করে দিয়েছিলেন রাহুল তেওয়াটিয়া ও ডেভিড মিলার। আর ম্যাচ শেষে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার প্রশংসাতেই ডেভিড মিলার। তাঁর মতে হার্দিক যেভাবে তাদের স্বাধীনতা দিয়েছে, সেজন্যই নকি এমন সাফল্য পাচ্ছেন তারা।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে ডেভিড মিলার জানিয়েছিলেন, “হার্দিকের বিপক্ষে আমি মাঠে খুবই কম সময় খেলেছি। অতীতে মাঠে হার্দিককে আমি যেভাবে দেখেছি, এদিন সেই প্রত্যাশা পূরণ হয়েছে আমার। তিনি আমাদের সবসময়ই মজায় থাকতে বলেছেন। এছাড়া কঠোর পরিশ্রম যেমন করতে বলেছেন, তেমন বারবারই জয়ের কথাও শোনা গিয়েছে তাঁর মুখে”।

একইসঙ্গে এদিন গুজরাতের হয়ে দুর্ধর্ষ ব্যাটিং করেছেন রাহুল তেওয়াটিয়াও। তাঁর ব্যাটিংয়েরও প্রশংসায় ডেভিড মিলার। দলের ব্যাটিং নিয়ে ডেভিড মিলার জানিয়েছেন, “আমরা আমাদের সেরাটা দিতে চেয়েছিলাম । বিশেষ করে স্পিনারদের ওই ওভারগুলোই আমাদের সবচেয়ে বেশী সাহায্য করেছে। রাহুল তেওয়াটিয়ার সঙ্গে ব্যাটিং করতে পারাটা সত্যিই খুব উপভোগ্য এবং তিনি যে কতটা দক্ষ সেটাও বুঝতে পারলাম এদিন”।

আগামী ২ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে গুজরাত টাইটান্স। সেই ম্যাচেও তারা জয়ের ধারা অব্যহত রাখতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp