পরপর দু ম্যাচ হারলেও ভুবনেশ্বর ও নটরাজনকে নিয়ে স্বস্তির সুর টম মুডির গলায়
আপডেট করা - Apr 5, 2022 3:57 pm

আইপিএলের মঞ্চে পরপর দু ম্যাচে হার। শেষ ম্যাচেও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জিততে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। এত ব্যর্থতার মাঝেও দলের দুই পেসার ভুবনেশ্বর কুমার ও টি নটরাজনের চোট সারিয়ে পুরোপুরি সুস্থতায় ফেরাতেই স্বস্তি পাচ্ছেন হায়দরাবাদ কোচ টস মুডি। এই দুই বোলার এই মুহূর্তে পুরোপুরি ফিট রয়েছেন। আর সমস্ত ব্যর্থতার মাঝে এটাই নাকি টম মুডিকে একমাত্র স্বস্তি যোগাচ্ছে। আইপিএলের মঞ্চে নেমে বল হাতে শুরুটাও বেশ ভালভাবেই করেছেন দুই তারকা বোলারও।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অন্যতম সফল বোলার টি নটরাজন। মাত্র ২৫ রান দিয়ে একাই দু উইকেট তুলে নিয়েছিলেন সেই ম্যাচে। লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুলকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনিই। সেই ম্যচে ভুবনেশ্বর কুমার উইকেট না পেলেও, তাঁর বোলিং পারফরম্যান্সে মুগ্ধ করেছিলেন সকলকে। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়েছিলেন তিনি। লখনউ সুপার জায়ান্টসকে থেমে যেতে হয়েছিল ১৬৯ রানে।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বল হাতে সফল ভুবনেশ্বর ও নটরাজন
কিন্তু সেই রানও তাড়া করে তুলতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। পরপর দু ম্যাচ হেরে লিগ টেবিলে এখন তারা একেবারে লাস্ট বয় পজিশনে রয়েছে। যদিও দলের দুই বোলারের ফিটনেস নিয়ে বেশ খুশি কোচ টম মুডি। গতবছর থেকেই টি নটরাজন ও ভুবনেশ্বর কুমার দুই বোলারই চোট আঘাত নিয়ে ভুগছেন।
গতবছরের পর থেকে প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে দেখা যায়নি টি নটরাজনকে। এবছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ফিরলেও, বিজয় হাজারে ট্রফি্তে হাঁটুর চোট নিয়ে ছিটকে গিয়েছিলেন টি নটরাজন। একই চিত্র ছিল ভুবনেশ্বর কুমারের ক্ষেত্রেও। এবারেরআইপিএল শুরুর আগে এই চোট-আঘাতই একটু চিন্তায় রেখেছিল সানরাইজার্স হায়দরাবাদকে। আর পরপর দুই ম্যাচেই এই দুই বোলারের পারফরম্যান্স দেখে বেশ খুশি টম মুডি।
লখনউ সুপার জায়ান্টসের কাছে হারের পর এই প্রসঙ্গে টম মুডি জানিয়েছেন, “এটা দেখে আমি সত্যিই খুব খুশি যে ভুবি এবং নটরাজন পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন। সেইসঙ্গে আইপিএলের মঞ্চে তারা পারফরম্যন্সও দেখিয়েছেন যথেষ্ট ভাল। এদিন তারা দুজনেই তাদের প্ল্যানিং একেবারে ঠিকঠাকভাবে কাজে লাগিয়েছেন। তাদের সৌজন্যেই আমাদের তাড়া করার মতোই রান পেয়েছিলাম। যে রান লখনউ করেছিল, তা আমরা তাড়া করতেই পারতাম। কিন্তু দূর্ভাগ্যবশত আমরা সেভাবে খেলতে পারিনি। তাই ম্যাচও জিততে পারিনি”।
টম মুডির সঙ্গে দলের পারফরম্যান্স নিয়ে এখনই অসন্তুষ্ট হওয়ার কোনও কথা শোনা যায়নি কেন উইলিয়ামসনের মুখেও। বরং শেষ ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে ১২ রানে হারলেও, ক্রিকেটারদের পারফরম্যান্সে বেশ খুশিই হয়েছেন তিনি। তাঁর মতে খুব শীঘ্রই নাকি ঘুরে দাঁড়াতে পারবেন তারা।