গম্ভীর চায়ছেন প্রথম টেস্টে মায়াঙ্ক ও রাহুল ওপেন করুক
হনুমা বিহারী টেস্ট স্কোয়াডে সুযোগ না পাওয়ায় বিস্মিত গৌতি
আপডেট করা - Nov 22, 2021 9:01 pm

প্রাক্তন ভারতীয় খেলোয়াড় গৌতম গম্ভীর চান কর্ণাটকের জুটি মায়াঙ্ক আগরওয়াল এবং কেএল রাহুলের নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের হয়ে ওপেন করুক।
জুন মাসে ভারত এবং নিউজিল্যান্ড সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হওয়ার পর এই প্রথম সাদা জার্সি গায়ে একে অপরের সম্মুখীন হচ্ছে। কানপুরে প্রথম টেস্ট ম্যাচে বিশ্রাম পাওয়ায় নেই বিরাট কোহলি এবং পুরো টেস্ট সিরিজেই রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
চোটের কারণে ইংল্যান্ড টেস্ট সিরিজ মিস করার পর শুভমান গিল এবং মায়াঙ্ক আগারওয়াল ভারতীয় দলে ফিরেছেন। এই দুজনের অনুপস্থিতিতে কেএল রাহুল ইংল্যান্ডের চ্যালেঞ্জিং কন্ডিশনে রোহিত শর্মার সাথে ওপেন করার সুযোগ পেয়েছিলেন।
কর্ণাটক ব্যাটার দুহাতে সেই সুযোগটি গ্রহণ করেছেন। তিনি ওই সিরিজে ৩৯.৮ গড়ে ৩১৫ রান করেছেন এবং তাঁর ১২৯ রানের ইনিংসের জন্য লর্ডস অনার্স বোর্ডে নাম নথিভুক্ত করেছেন।
ওপেন করতে নামুক মায়াঙ্ক ও রাহুল, বললেন গৌতম গম্ভীর
ভারতীয় টিম ম্যানেজমেন্টের সামনে এখন প্রশ্ন হল এতো বিকল্পের মাঝে কাদের দিয়ে তারা ওপেন করার সিদ্ধান্ত নেবে। গম্ভীর মনে করেন ওপেনে যাক মায়াঙ্ক ও রাহুল এবং ৪ নম্বরে ব্যাট করতে নামানো হক গিলকে। প্রাক্তন ভারতীয় খেলোয়াড় আরও বলেছিলেন যে এই টেস্ট সিরিজটি অজিঙ্ক রাহানের জন্য আরেকটি সুযোগ হবে। প্রথম টেস্টে ভারতের অধিনায়ক হিসাবে থাকবেন রাহানে।
স্টার স্পোর্টসে গম্ভীর বলেছেন, “আমি মায়াঙ্ক আগরওয়াল এবং কেএল রাহুলের সাথে ওপেন করতে চাই কারণ রাহুল ইংল্যান্ডে ওপেন করেছিলেন, এবং তারপর সম্ভবত শুভমান গিল ৪ নম্বরে ব্যাট করবেন,” গম্ভীর স্টার স্পোর্টসে বলেছেন।
“রাহানে বেশ ভাগ্যবান যে তিনি এখনও এই দলের অংশএবং তিনি নেতৃত্বও দিচ্ছেন… কিন্তু আবারও বলব, তিনি এখন আরেকটি সুযোগ পেয়েছেন। আশা করি, তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারবেন,” তিনি যোগ করেছেন।
হনুমা বিহারী বাদ পড়ায় বিস্মিত গৌতি
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা না পাওয়া হনুমা বিহারী নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ভারতের টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত হন নি, বরং দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারত এ দলের অংশ তিনি।
গম্ভীর বিহারীর বাদ পড়া নিয়ে প্রশ্ন তোলেন এবং বিশ্বাস করেন যে হায়দ্রাবাদি ব্যাটার ভারতের মিডল অর্ডারে রাহানের যোগ্য পরিবর্ত হতে পারেন।
“আমি একেবারে অবাক হয়ে গিয়েছিলাম তারা হনুমা বিহারীকে অন্তর্ভুক্ত করেনি দেখে। তাকে ভারত ‘এ’ সফরে পাঠানোর চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রাখা উচিত ছিল। তিনি মিডল অর্ডারে সম্ভবত রাহানের বদলি হতে পারেন, “গম্ভীর শেষে বলেছেন।