বিবাদে জড়িয়ে ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা হল কোহলি, গম্ভীরের
নাভীন-উল-হককে তাঁর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে
আপডেট করা - May 2, 2023 10:37 am

ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৪৩তম ম্যাচ চলাকালীন আইপিএল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর মেন্টর গৌতম গম্ভীরকে তাঁর ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা ২.২১-এর অধীনে লেভেল ২ অপরাধ স্বীকার করেছেন গম্ভীর। এ ছাড়া লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ চলাকালীন আইপিএল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) ব্যাটার বিরাট কোহলিকে তাঁর ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। কোহলিও আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা ২.২১-এর অধীনে লেভেল ২ অপরাধ স্বীকার করেছেন।
লখনউ সুপার জায়ান্টসের বোলার নাভীন-উল-হককেও আইপিএল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য তাঁর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। নাভীন-উল-হক আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা ২.২১-এর অধীনে লেভেল ১ অপরাধ স্বীকার করেছেন।
ম্যাচের শেষে কুৎসিত দৃশ্য দেখা গেল মাঠে
১লা মে, সোমবার, ম্যাচের শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে করমর্দন বিনিময়ের সময়ে নাভীন-উল-হক ও বিরাট কোহলির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখা গিয়েছিল। পরিস্থিতি ঠান্ডা করার পরিবর্তে গৌতম গম্ভীরও বিতন্ডায় জড়িয়ে পড়েছিলেন।
এলএসজি অধিনায়ক কেএল রাহুল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নাভীনকে ডেকেছিলেন কোহলির সঙ্গে বিবাদ মিটিয়ে নেওয়ার জন্য। তবে অপ্রত্যাশিতভাবে নাভীন তাঁর অধিনায়কের ডাক প্রত্যাখ্যান করেন। নাভীন তাঁর অধিনায়ককে অগ্রাহ্য করায় কোহলিকে ক্ষুব্ধ দেখাচ্ছিল।
ম্যাচ শেষ হওয়ার পরে কাইল মেয়ার্সকেও কোহলির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল এবং দুজনের কথোপকথনের মাঝেই গম্ভীর দুজনের মাঝখানে চলে এসে মেয়ার্সকে সরিয়ে নিয়ে যান। বিবাদে জড়িত খেলোয়াড়দের শান্ত করতে তাঁদের সতীর্থ চেষ্টা করলেও, ঘটনাটি কুৎসিত দিকে ঘুরে গিয়েছিল।