ম্যাচের টিকিটের জন্য অপেক্ষা করতে দেখা গেল চেন্নাইয়ের ক্রিকেট ভক্তদের
আপডেট করা - Mar 19, 2023 4:06 pm

ক্রিকেট ভক্তদের জন্য সময়টা খুব ভালোই যাচ্ছে। বর্ডার-গাভাস্কার ট্রফি শেষ হওয়ার পর ইতিমধ্যেই ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ শুরু হয়ে গেছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্ৰথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে পরাজিত করেছে ভারতীয় দল।
১৯শে মার্চ, বুধবার ভাইজাগের ডক্টর ওয়াইএস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে এই সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচটি খেলা হবে। ২২শে মার্চ, বুধবার এই সিরিজের তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদম্বরাম স্টেডিয়ামে খেলা হবে।
চেন্নাইয়ের ক্রিকেট ভক্তরা যে তাদের ঘরের মাঠে হতে চলা তৃতীয় একদিনের ম্যাচ নিয়ে খুবই উচ্ছসিত সেটা টিকিটের লাইন দেখেই বোঝা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে চেন্নাইয়ের ক্রিকেট ভক্তদের শেষ ম্যাচের টিকিটের জন্য লম্বা লাইনে অপেক্ষা করতে দেখা যাচ্ছে।
Cricket fans in Chennai waiting for the tickets for the 3rd ODI from 2 am this morning. pic.twitter.com/uVlItXL0yV
— Johns. (@CricCrazyJohns) March 18, 2023
সিরিজের প্ৰথম ম্যাচ জিতে নিয়ে আপাতত স্বস্তিতে ভারতীয় দল
রোহিত শর্মার অনুপস্থিতিতে প্ৰথম ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ম্যাচের শুরুতেই মোহাম্মদ সিরাজ ওপেনার ট্রাভিস হেডকে ৫ রানে আউট করেন। তবে মিচেল মার্শ অস্ট্রেলিয়াকে উইকেট হারানোর চাপ অনুভব করতে দেননি। তিনি তার অসাধারণ পাওয়ার হিটিংয়ের প্রদর্শন করে ৬৫ বলে ৮১ রান করেন। তার ইনিংসে ছিল ১০টি চার এবং ৫টি ছয়। তিনি অস্ট্রেলিয়ার স্ট্যান্ড ইন অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে ৭২ রানের পার্টনারশিপ করেন। এরপর রবীন্দ্র জাদেজার বলে সিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। তবে পরপর উইকেট পড়তে থাকায় ৩৫.৪ ওভারে মাত্র ১৮৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজ ৩টি করে উইকেট নেন। রবীন্দ্র জাদেজা ২টি উইকেট পান। স্ট্যান্ড ইন অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং কুলদীপ যাদব যথাক্রমে ১টি করে উইকেট নেন।
ব্যাট করতে নেমে মাত্র ৩৯ রানের মধ্যে দলের ৪ জন টপ অর্ডার ব্যাটসম্যানদের হারিয়ে সমস্যায় পড়েছিল ভারত। এরপর কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়া মিলে ভারতের ইনিংসের হাল ধরেন। হার্দিক আউট হওয়ার পর রবীন্দ্র জাদেজা শেষ অবধি কেল রাহুলের সঙ্গে ক্রিজে টিকে থেকে ভারতীয় দলকে ম্যাচ জিততে সাহায্য করেন। কেএল রাহুল ৯১ বলে অপরাজিত ৭৫ এবং রবীন্দ্র জাদেজা ৬৯ বলে অপরাজিত ৪৫ রান করেন।